উষ্ণতার কারণে জন্মভূমির ক্ষতি রোধে চেষ্টা করব: রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ও ব্রিটেনের ছায়া আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী রুশনারা আলী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি অবশ্যই শিল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে। উষ্ণতা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়া তাঁর জন্মভূমির ক্ষতি রোধে তিনি চেষ্টা করবেন।গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে রুশনারা আলী এ কথা বলেন। অক্সফামের বাংলাদেশের জোট গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) উদ্যোগে ৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় প্রতীকী জলবায়ু আদালতের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।রুশনারা শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অর্থনৈতিক মন্দার কারণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে বাদ দেবেন না।’ তিনি আশ্বাস দেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ব্রিটেনের যে নীতি রয়েছে, তা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা চালাবেন। ব্রিটেনের মোট জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ আন্তর্জাতিক উন্নয়ন খাতে ব্যয় করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএসআরএলের সমন্বয়কারী আহসান উদ্দিন আহমেদ, সিএসআরএলের সদস্য সচিব জিয়াউল হক ও আইনবিদ আহমেদ জিয়াউদ্দিন।এর আগে গত বৃহস্পতিবার রুশনারা আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে বলেন, ব্রিটিশ সরকার সম্প্রতি অভ্যন্তরীণ বাজেট কমালেও বাংলাদেশকে সহায়তা কমায়নি। শেখ হাসিনা ব্রিটিশ সরকারকে বাংলাদেশের জ্বালানি, খনিজ, অবকাঠামো ও নদী খননে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও এক ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশকে কূটনৈতিক সহায়তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিতে ব্রিটিশ সরকারকে আহ্বান জানান।৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রতীকী জলবায়ু আদালত’ অনুষ্ঠিত হবে। ক্ষতিগ্রস্তরা তাঁদের জীবনযাত্রার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা তুলে ধরবেন। তাঁদের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন জলবায়ু বিজ্ঞানী ও আইনবিদ।