উষ্ণতার যন্ত্র অপ্রতুল শীতে শিশুদের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২টি ইনকিউবিটরের আটটিই প্রায় এক বছর ধরে নষ্ট। এ ছাড়া নবজাতকের শীত নিবারণে সরাসরি উষ্ণতা দেওয়ার যন্ত্র (বেবি ওয়ারমার) আছে তিনটি, যা এই শীতে অপ্রতুল। ফলে তীব্র শীতে শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের কষ্ট বেড়েছে।গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, বেবি ওয়ারমার কম থাকায় ১০ নম্বর শিশু ওয়ার্ডে একটি বেবি ওয়ারমারে একসঙ্গে তিনটি নবজাতককে উষ্ণতা দেওয়া হচ্ছে। ওই যন্ত্রে উষ্ণতা দিতে পাশেই শিশুদের নিয়ে অপেক্ষায় করছেন কয়েকজন অভিভাবক। এ ছাড়া ইনকিউবিটর যন্ত্রেও শিশুদের উষ্ণতা দিতে অনেক অভিভাবককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।হাসপাতাল সূত্র জানায়, শিশুদের দুটি ওয়ার্ডে ৭৫টি শয্যা রয়েছে। কিন্তু গতকাল বুধবার এখানে ১৬৫টি শিশু ও নবজাতক ভর্তি ছিল। এক শয্যায় দুই থেকে তিনটি শিশুকে রাখতে হচ্ছে। শীত যতই বাড়ছে শিশুরোগীর সংখ্যাও তত বাড়ছে।ঠাকুরগাঁও থেকে আসা রোকসানা বেগম বলেন, ‘অনেক দূর থেকে আসছি ভালো চিকিৎসার জন্য। কিন্তু এটে আসিয়া দেখি যন্ত্র অনেক কম। তাই অপেক্ষা করিয়া থাকা লাগে।’ ইনকিউবিটর ও বেবি ওয়ারমারের স্বল্পতায় শিশুদের কষ্ট ও অভিভাবকদের ভোগান্তির কথা জানালেন অনেক শিশুর স্বজন।হাসপাতালের শিশু বিভাগের প্রধান এম এ মোস্তাকিম জানান, প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকা ও মায়েদের অসচেতনতার কারণে অনেক শিশু জন্মের পর শীতজনিত শ্বাসকষ্টে ভোগে। এ কারণে এ সময়ে হাসপাতালে শিশুরোগী ভর্তির সংখ্যা বেড়ে যায়। হাসপাতালে উষ্ণতা দেওয়ার যন্ত্র কম থাকায় চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হওয়ার কথা তিনি স্বীকার করেন।হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান, হাসপাতালের ১২টি ইনকিউবিটরের মধ্যে আটটি প্রায় এক বছর ধরে নষ্ট। তবে হাসপাতালে ভর্তি থাকা শিশু ও নবজাতকদের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না বলে তিনি দাবি করেন। ইনকিউবিটর ও বেবি ওয়ারমারের অপ্রতুলতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সংস্কারকাজ চলছে। এ কাজ শেষ হলে নতুন যন্ত্র স্থাপন করা হবে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে তা জানা যায়নি।