উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা কেন্দ্রীয় পূজা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দুর্গাপূজায় বিশৃঙ্খলা এবং দেশে অস্থিরতা সৃষ্টি করার আশঙ্কা করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান পরিষদের নেতারা।
এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও একই আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। এতে বলা হয়, বর্তমানে মুক্তিযুদ্ধের সরকার রাষ্ট্রক্ষমতায় আছে। কিন্তু সুযোগসন্ধানী সাম্প্রদায়িক চক্র দেশকে অশান্ত করে উৎসবের পরিবেশ নষ্ট করতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত বলেন, মৌলবাদী অপশক্তি ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে গুজব ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করতে পারে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে দুর্গাপূজায় চার দিনের সরকারি ছুটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে হিন্দু ফাউন্ডেশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে জটিলতা নিরসনসহ আট দফা দাবি জানানো হয়।
চট্টগ্রামের ১৪টি উপজেলায় সর্বজনীন ও পারিবারিকভাবে এবার ১ হাজার ৫০৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।