উসকানির অভিযোগে করা মামলায় মান্নার জামিন স্থগিত
সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি ২৭ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন।
১০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মান্নাকে জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত হয়ে আবেদনটি গতকাল নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান।
সেনা বিদ্রোহে উসকানির ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার ফোনালাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়।