উসকানির আশঙ্কায় পুলিশ তালা মারতে পারে, মন্তব্য হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

উসকানিমূলক বক্তব্য দেওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তালা মারতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজসজ্জা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সাম্প্রতিককালে আমরা লক্ষ করেছি বিএনপি বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এসব কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তালা মারতে পারে। তবে কী কারণে লাগিয়েছে তা আমরা জানি না।’ 

হানিফ বলেন, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের ভাই বাদী হয়ে সুনির্দিষ্টভাবে আসামির নাম উল্লেখ করে মামলা করেছেন। এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।

নারায়ণগঞ্জের পর ফেনীর হত্যাকাণ্ডে মনে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল হয়ে পড়েছে—আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘এই কথার সঙ্গে আমি একমত নই। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শুধু আওয়ামী লীগের আত্মীয়স্বজন চাকরি করেন না। এখানে বিএনপি এমনকি জামায়াতের আত্মীয়স্বজনেরাও রয়েছেন। তাঁরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে দায়িত্বে অবহেলা করতে পারেন।’

এ সময় উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।