সিলেটে জালালাবাদ গ্যাসের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী (৫৮) হত্যা মামলার আসামি মো. উসমান গণিকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ তাঁকে রিমান্ডে নিয়ে গত সোমবার রাত থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ জানায়, ৯ ডিসেম্বর সিলেট নগরের লামাবাজার পুলেরপাড় নিজ বাসা থেকে আনোয়ারার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা হলে পুলিশ ১৬ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জের জানিগাঁও থেকে মাদ্রাসাছাত্র মো. উসমান গণিকে (২০) গ্রেপ্তার করে। পর দিন উসমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আনোয়ারাকে খুন করার কথা স্বীকারে করেন। কিন্তু উসমানের জবানবন্দি আনোয়ারার পরিবারের সদস্যরা প্রত্যাখ্যান করে ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দিনই উসমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ আনোয়ারা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। তিনি ছুটিতে থাকায় উসমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ বিলম্বিত হয়। ছুটি শেষে ওসি কর্মস্থলে যোগ দেওয়ার পর উসমানকে রিমান্ডে নিয়ে গত সোমবার রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জবানবন্দিতে দেওয়া তথ্যসহ সার্বিক বিষয়ে উসমানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বুধবার তাঁর রিমান্ড শেষ হবে।উসমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি খন্দকার নওরোজ আহমদ। গত দুই দিনে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ বুধবারও জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলে তিনি জানান।