উসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সিএমও লাঞ্ছিত
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) তৌহিদুর রহমানকে গতকাল বুধবার সকালে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। কারখানার শ্রমিকেরা তাঁকে টেনেহিঁচড়ে তাঁর কক্ষ থেকে বের করে দেন বলে জানা গেছে।নিয়মনীতি না মানার অভিযোগে দুই শ্রমিককে সাময়িক বরখাস্তের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তৌহিদুর রহমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সহকারী সাধারণ সম্পাদক সোহেল আরমান ও সদস্য মঞ্জুর হোসেনকে বরখাস্ত করেছিলেন। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ছিল। জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে তৌহিদুর রহমান তাঁর কক্ষে গেলে কয়েকজন শ্রমিকনেতা এসে তাঁকে সেখান থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় সোহেল ও মঞ্জুর তৌহিদুর রহমানকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। তৌহিদুর রহমান বলেন, ‘আমি সকালে প্রথমে এমডির কক্ষে যাই। তাঁর সঙ্গে কথা বলার সময় বাইরে থেকে এমডির কক্ষে লাথি মারা শুরু করেন তাঁরা। পরে আমি আমার কক্ষে গেলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সিবিএর সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘তাঁকে আমরা কক্ষ থেকে বের করে দিয়েছি। তিনি দুর্নীতিবাজ।’