উহ্লামং মারমার ‘মাচান ঘরের টিঅ্যান্ডটি’

এই মাচান ঘর ছাড়া রেমাক্রি বাজার এলাকার কোথাও মুঠোফোনের নেটওয়ার্ক নেই। থানচি থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বাজারটি।

বাঁশের বেড়ার একটি ছোট্ট ঘরের চালায় খুঁটির সঙ্গে বাঁধা টিভি অ্যানটেনা। এই অ্যানটেনায় মেলে মুঠোফোনের নেটওয়ার্ক। সম্প্রতি বান্দরবানের থানচির দুর্গম রেমাক্রিতে।বুদ্ধজ্যোতি চাকমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তসংলগ্ন রেমাক্রি ইউনিয়নের রেমাক্রি খালের মোহনায় রেমাক্রি বাজারটি অবস্থিত। দুর্গম এ বাজারের ব্যবসায়ীরা জানান, বাইরে কারও সঙ্গে জরুরি যোগাযোগের একমাত্র ভরসা এখনো উহ্লামংয়ের মাচান ঘরের টিঅ্যান্ডটি। কেউ কেউ একে মোবাইল সেন্টারও বলেন। রেমাক্রি বাজার থেকে উহ্লামং মারমার ঘর অন্তত দুই কিলোমিটার দূরে। মানুষজন সাধারণত যন্ত্রচালিত নৌকায় গিয়ে ফোন করে আসেন।

সম্প্রতি রেমাক্রি ইউনিয়নের তৈনঝিরিতে গিয়ে দেখা যায়, ঝিরিপাড়ে দুই দিকে পাহাড়। পাহাড়ের পাদদেশে বাঁশের দুটি ছোট্ট মাচান ঘরে উহ্লামং মারমাসহ দুটি পরিবারের বাস। উহ্লামং মারমার বাড়িতে বসানো হয়েছে অ্যানটেনা। বাড়ির বেড়ায় বাঁশের ফালা কেটে রাখা হয়েছে মুঠোফোন সেট। লাউড স্পিকারে কথা বলে লোকজন। সেট সরিয়ে হাতে নিলে নেটওয়ার্কও চলে যায়।

উহ্লামং মারমা জানালেন, তিনি জুমচাষের জন্য সেখানে থাকেন। গত বছর হঠাৎ তাঁর মুঠোফোন বেজে উঠলে নেটওয়ার্কের বিষয়টি জানতে পারেন। পরে টেলিভিশনের অ্যানটেনা বসানোয় নেটওয়ার্ক আরও পরিষ্কার হয়। জানাজানি হলে লোকজন ফোন করতে আসতে শুরু করেন। অনেকে মোবাইল কার্ড নিয়ে এসে তাঁর ফোন দিয়ে কাজ সারেন। এ জন্য কেউ টাকা দেন, কেউ দেন না। তাঁর মতে, তৈনঝিরির উৎপত্তিস্থল পশ্চিমের পাহাড় নিচু হওয়ায় আলীকদমের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়।

রেমাক্রি বাজারের ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য লালপিয়ান বম জানালেন, শুধু বাজারের ব্যবসায়ী নয়, আশপাশের পাড়ার লোকজনের জরুরি যোগাযোগের প্রয়োজনে তৈনঝিরিতে উহ্লামং মারমার টিঅ্যান্ডটিতে যাওয়া ছাড়া উপায় নেই। পর্যটকেরাও অনেকে আপনজনের কাছে নিজেদের অবস্থান ও পাহাড়ে ঘুরে বেড়ানোর আবেগ জানাতে সেখানে ছুটে যান।

রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুইসুইথুই মারমা জানালেন, রেমাক্রি বাজার এলাকায় তৈনঝিরির উহ্লামং মারমার বাড়ি ছাড়াও বড় মদক বাজার এলাকার একটি জায়গায় আলীকদমের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। মানুষ ওই দুই জায়গা থেকে জরুরি প্রয়োজনে যোগাযোগ করেন। এ ছাড়া রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে কোথাও নেটওয়ার্ক নেই।