উৎকট গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী, পাঠদান ব্যাহত
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বন্ধ করে দেওয়া সেই মুরগির খামারটি ফের চালু হয়েছে। এতে উৎকট গন্ধে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
ডারারপাড় গ্রামের বাসিন্দা ও তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মিলন রহমান ‘প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি’ নামের ওই খামারটি গড়ে তোলেন। খামারটিতে চার হাজার মুরগি পালন করা হচ্ছে।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্র মাহিদ হোসেন বলে, খামার থেকে আসা দুর্গন্ধে নাক চেপে ধরে শ্রেণিকক্ষে ঢুকলেও নিশ্বাস নেওয়া যায় না, বমি হয়।
সহকারী শিক্ষক শামিমা আক্তার বলেন, দুর্গন্ধের কারণে শিশুরা বিদ্যালয়ে আসতে চায় না। বাড়ি থেকে ডেকে আনলেও তারা বিদ্যালয়ে থাকে না। টিফিন ছুটির সময় অনেক শিক্ষার্থী বাড়ি চলে যায়। আর আসে না।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে ওই বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭৭ সালে স্থাপিত বিদ্যালয়টিতে ১৮১ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন। বিদ্যালয়টির ২৫ গজ সামনে মুরগির খামার গড়ে তোলা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থী বলে, খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তারা প্রায়ই বমি করে। শ্রেণিকক্ষেও ঠিকমতো পড়াশোনা করা যায় না। নাক চেপে ধরে ক্লাস করতে হয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার বলে, ‘দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকা যায় না। রুমাল দিয়া নাক ঢাকি ক্লাস করার সময় পড়ায় মন বসে না।’
প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, ২০১৪ সালের ৯ জুন ‘বিদ্যালয়ের পাশে মুরগির খামার, পাঠদান ব্যাহত’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা খামারটিতে মুরগি পালন বন্ধ করে দেন। কিন্তু ছয় মাস থেকে ফের ওই খামারে মুরগি পালন করা হচ্ছে। এ কারণে দুর্গন্ধে ঠিকমতো পাঠদান করানো যাচ্ছে না।
খামারের মালিক কাজী মিলন রহমান বলেন, ‘আমার চাচা জমি দান করেছে বলেই ওই বিদ্যালয় গড়ে উঠেছে। ওখানে শিশুরা লেখাপড়া করছে। শিক্ষকেরাও চাকরি করছেন। কিন্তু আমাদের তো কোনো লাভ হচ্ছে না। অন্যের সুবিধার জন্য তো খামার বন্ধ করে দিয়ে না খেয়ে থাকতে পারি না।’
ইউএনও জিলুফা সুলতানা বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না বলেই ব্যবস্থা নেওয়া হয়নি। এখন জানলাম, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রািণসম্পদ কর্মকর্তাকে এক্ষুনি বলছি।’