উৎকণ্ঠা কাটেনি অভিভাবক-শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শেরশাহ এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে মো. মাহমুদুন্নবী এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল থেকে। তার কেন্দ্র পড়েছে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে।
বজলুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে সন্তানকে আনা-নেওয়ার ব্যাপারে আতঙ্কের মধ্যে রয়েছি। সারাক্ষণ ভয়ভীতি কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তার পরও কখন কী হয়ে যায়, তা তো বলা যায় না।
তবে সন্তানের পরীক্ষায় অংশগ্রহণ, প্রস্তুতি ও পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়া নিয়ে বজলুর রহমানের মতোই আতঙ্কে রয়েছেন অন্য অভিভাবকেরাও। দুই দফা পেছানোর পর গতকাল শুক্রবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। আজ শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে।
আরেক অভিভাবক মরিয়ম বেগম বলেন, অনেক টেনশনে ছিলাম। দুটি পরীক্ষা পিছিয়ে গেছে। আজকের (গতকাল) পরীক্ষা হবে কি না, এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত ছিলাম না। এতে বাচ্চাদের ওপর বেশি চাপ পড়ছে।
সরেজমিনে গতকাল পাঁচটি পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে পুলিশ দায়িত্ব পালন করছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ছিল বিজিবির টহল।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে যুবলীগের কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্যই তাঁরা কেন্দ্রের সামনে অবস্থান করছেন বলে জানান।
নন্দনকানন অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী আছিয়া আরজুর বাবা মো. ওসমান আলী বলেন, অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।
মেরন সান স্কুলের পরীক্ষার্থী শুভ্র বড়ুয়া বলে, পরীক্ষা ভালো হয়েছে। তবে নির্ধারিত সময়ে হলে আরও ভালো হতো। এখন টানা পরীক্ষা হবে। ফলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারব না।
একই স্কুলের আরেক পরীক্ষার্থী সৈয়দ ফরহাদ হোসেন বলেন, পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলোর জন্য আবার নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া মুনতাহিনা বলে, ‘নির্ধারিত সময়ে যখন পরীক্ষা হচ্ছে না, তখন আমাদের মধ্যে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। এখন ভালো ফল করা নিয়ে হতাশা ও অনিশ্চয়তা ভর করেছে। পরীক্ষার সময় হরতালটা না দিলে কি হতো না। আমাদের পরীক্ষাটা অন্তত শেষ হোক।’
বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম হোছাইনী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৫৯টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ৮৮ হাজার ৬০৩ জন। প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগর ও আশপাশের পরীক্ষাকেন্দ্রগুলোর উত্তরপত্র অতীতের মতো এবারও প্রথম দিনেই বোর্ডকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এর বাইরের পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলোর সব উত্তরপত্র এক করে ১১ ফেব্রুয়ারি বোর্ডকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উত্তরপত্রগুলো সিলগালা করে সংশ্লিষ্ট থানায় রাখা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বোর্ড সচিব পীযূষ দত্ত, পরীক্ষানিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান নগরের কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।