
এইচএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর ৫৭ দশমিক ৫৯ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ছিল শতকরা ৭৪ দশমিক ১৭ শতাংশ।
কলেজটি থেকে এ বছর ১ হাজার ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৩৬২ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৮৭৫ জনের মধ্যে ৭২০ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৩৮৪ জনের মধ্যে ৪৭ জন ও মানবিক বিভাগে ১১১ জনের মধ্যে ২২ জন জিপিএ-৫ পেয়েছেন।
গত বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৫১ জন। সেখান থেকে ২ জন ছাড়া সবাই পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ২ জন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুর রহমান খান বলেন, ‘এবারের ফলাফল আমাদের অপ্রত্যাশিত। দেশের সার্বিক ফলাফল গতবারের তুলনায় খারাপ হয়েছে। আমাদেরটাও একটু খারাপ হয়েছে।’ জিপিএ-৫ কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর সৃজনশীল অংশে নম্বর ছিল ৬০ এবং বহুনির্বাচনী প্রশ্নে নম্বর ছিল ৪০। কিন্তু এবার সৃজনশীলে ছিল ৭০ এবং বহুনির্বাচনীতে করা হয়েছে ৩০ নম্বর। এ কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে মনে করি।’
এদিকে গতকাল বোর্ডে ফলাফল টানানোর আগ পর্যন্ত কলেজ আঙিনা ছিল নীরব। অলস সময় কাটাচ্ছিলেন শিক্ষার্থীরা। ফল ঘোষণার জন্য সাজানো মঞ্চটাও ছিল ফাঁকা। বেলা দুইটার দিকে নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকে মুঠোফোনে আপনজনকে ফলাফল জানাচ্ছিলেন। অলস বসে থাকা ব্যান্ড পার্টির সদস্যরাও শুরু করেন বাদ্য-বাজনা। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে নাচানাচি। উৎসবমুখর হয়ে ওঠে পুরো আঙিনা।
পরীক্ষার ফল শুনতে বাসাবো থেকে মাকে সঙ্গে নিয়ে কলেজে এসেছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারা। ফল প্রকাশের আগে জিপিএ-৫ পাওয়া নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। তবে ফল হাতে পাওয়ার পর তাঁর দুশ্চিন্তা উল্লাসে পরিণত হয়।