উৎকণ্ঠা সত্ত্বেও মানুষের ভিড়

আতঙ্কিত রাজধানীবাসী যেন ছুটির দিনটির অপেক্ষায় থাকে। গতকাল শুক্রবারও তাই দেখা গেল। তবে আগের শুক্রবারের তুলনায় গতকাল সর্বত্রই মানুষের ভিড় কম ছিল। সকালে ঘর ছেড়ে বেরিয়েছিল যারা, জুমার নামাজের পর নগরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবের খবর পেয়ে রুদ্ধশ্বাসে ঘরে ফিরতে শুরু করে তারা। তবে সন্ধ্যায় আবারও সর্বত্র মানুষের ভিড় দেখা যায়।
শিশুপার্কের সামনে কথা হলো তোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি মেয়ে আবিদা হোসেনকে নিয়ে এসেছিলেন পার্কে। আগের শুক্রবার শেষ হয়েছে মেয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। বারবার পেছানোর পর শেষ পর্যন্ত পরীক্ষা শেষ হলেও মেয়ের মন খারাপ। কারণ, পরীক্ষা শেষে ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার বায়না ছিল তার। কিন্তু এ অবস্থায় তো কোথাও যাওয়ার উপায় নেই। তাই মেয়েকে একটু শান্ত করার জন্য নিয়ে এসেছেন শিশুপার্কে। পার্কের টিকিট কাউন্টারে কর্মরতদের একজন জানান, সাপ্তাহিক ছুটির দিনে যেমন লোকসমাগম হয়ে থাকে, তা হচ্ছে না।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে। সর্বশেষ ৭ ডিসেম্বর থেকে গতকাল ১৩ ডিসেম্বর ভোর পর্যন্ত ১৪৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে তারা। এর আগে দুই দফায় ৭১ ও ১৩১ ঘণ্টা অবরোধ কর্মসূচি দেওয়া হয়। অবরোধে রাজধানীসহ সারা দেশের জনজীবন ছিল প্রায় স্থবির।
বিকেলে নিউমার্কেটের তারিন ফ্যাশন নামে একটি দোকানের কর্মচারী হেলাল উদ্দিন বলেন, মানুষ যেমন কম, বেচাকেনা তার চেয়েও কম। ওই দোকানেই কথা হলো একজন শিক্ষক মোবাশ্বির আলমের সঙ্গে। তিনি সন্তানদের জন্য শীতের কাপড় কিনতে এসেছিলেন। একটু রসিকতা করেই বললেন, ‘বাচ্চাদের মা-ও আসতে চেয়েছিল। তাকে বলেছি, একসঙ্গে দুজনই যদি পুড়ে মরি, তাহলে বাচ্চাদের দেখার কেউ থাকবে না।’
শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া রাজধানীর আর কোথাও শিশুদের তেমন একটা দেখা যায়নি। প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই পরীক্ষা হয়েছে গতকাল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্কুল পর্যায়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়েছে। নেওয়া হয়েছে প্লে গ্রুপ ও নার্সারিতে ভর্তির বাছাইপর্বের পরীক্ষাও। ওই স্কুলে সন্তান নিয়ে আসা এক অভিভাবক মো. শরীফ হোসেন বলেন, নিজেদের গাড়ি থাকলেও তিনি সন্তানকে নিয়ে এসেছেন রিকশায় করে। তাঁর মতে, যানবাহনের মধ্যে এখন রিকশাই অধিকতর নিরাপদ।
ওই কলেজের একজন শিক্ষয়িত্রী মাহবুবা ফারুক বলেন, তাঁরা কয়েকজন শিক্ষক ৩০ জন ছাত্রছাত্রী নিয়ে ভারতে গিয়েছিলেন শিক্ষাসফরে। চার দিন আগে ভারত থেকে ফিরে আটকা পড়েন বেনাপোল বন্দরে। গতকাল সকালে রওনা দিয়ে ঢাকায় ফিরেছেন সন্ধ্যার কিছুক্ষণ আগে। তা-ও অনেক পথ ঘুরে ফিরতে হয়েছে তাঁদের। তিনি বলেন, ‘সারাটা সময় আতঙ্কে কাটিয়েছি আমরা। আল্লাহ্র কাছে শোকর যে শেষ পর্যন্ত বাচ্চাদের নিয়ে ভালোয় ভালোয় ফিরে আসতে পেরেছি।’
যতই আতঙ্ক থাকুক, জীবন তো থেমে থাকে না। বিকেলে-সন্ধ্যায় বিভিন্ন সড়কে, বিপণিবিতানে ছিল মানুষের ভিড়। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল ঢের। রাজধানীর প্রায় সব কমিউনিটি সেন্টারে ছিল বিয়ের অনুষ্ঠান। গ্রিন রোডের উৎস কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, শুক্রবারগুলো ফাঁকা পাওয়া দুষ্কর।