উৎকণ্ঠার মধ্যে আজ শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে তিন দিন পিছিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ঠিক সময়ে পরীক্ষা শেষ করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আজ জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন। এর মধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন।
টানা তিন দিনের হরতালের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ৪ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা হবে ৮ নভেম্বর শুক্রবার। ওই দিন বেলা সোয়া দুইটায় পরীক্ষা শুরু হবে। আর গতকালের (৬ নভেম্বর) পরীক্ষা হবে ৯ নভেম্বর শনিবার। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ২০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।