উৎকোচ দিয়ে বেতন পেলেন ২১ কর্মচারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন নিয়োগ পাওয়া ২১ কর্মচারীকে উৎকোচ দিয়ে বেতন-ভাতা নিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন নিয়োগ পাওয়া ২১ কর্মচারীর প্রত্যেকের কাছ থেকে ৭০০ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে জেলা পরিষদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় প্রায় ১৫০ জন কর্মচারী নিয়োগ দেয়। এর মধ্য থেকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসা সহকারী, পাঁচজন সেবিকা, দুজন ফার্মাসিস্ট, একজন ল্যাব টেকনিশিয়ান ও ১১ জন স্বাস্থ্য সহকারীসহ মোট ২১ জন কর্মচারী যোগ দেন। স্বাস্থ্য সহকারী মো. শাহাজাহান, দুংহ্লাগ্য চাক ও ল্যাব টেকনিশিয়ান সৈয়দ নূর কাদেরি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী স্বপন কান্তি সুশীল তাঁদের বলেছেন, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে টাকা না দিলে বেতন-ভাতার বিল অনুমোদন হবে না। তাই বেতন-ভাতা নেওয়ার ইচ্ছা থাকলে টাকা দিন। স্বাস্থ্য সহকারী মো.শাহাজাহান জানান, ফেব্রুয়ারি মাসের প্রথম বেতনের জন্য স্বাস্থ্য সহকারীরা এক হাজার ও অন্যরা ৭০০ টাকা করে মোট ১৮ হাজার টাকা দিয়েছেন। তিনি আরও বলেন, ‘হিসাবরক্ষণ কার্যালয়ে টাকা দেওয়া হয়েছে কি না তা জানি না। তবে প্রথম বেতন পাবে বলে অনেকে খুশি হয়ে চা-নাশতার খরচ মনে করে টাকা দিয়েছেন।’ প্রধান সহকারী স্বপন কান্তি সুশীল হিসাবরক্ষণ কার্যালয়ে দেওয়ার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকে টাকা নেননি বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদ উদ্দিন মো. ওসমান জানান, তাঁর কার্যালয়ের নতুন কর্মচারীদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ নেই। তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাঁরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার কাছ থেকে কোনো টাকা নেননি।