উৎকোচ দাবির অভিযোগ
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও এক কাউন্সিলরের বিরুদ্ধে হয়রানি ও উৎকোচ দাবি করার অভিযোগ করা হয়েছে। গত বুধবার বগুড়ার শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় এক ব্যবসায়ী এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে শেরপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বারোদুয়ারীপাড়ার ব্যবসায়ী আবদুল কুদ্দুস জানান, বারোদুয়ারী হাট এলাকায় তাঁর ছয় শতাংশ জমি আছে। এই সম্পত্তির ওপর তাঁর একটি দোকানঘর আছে। প্রায় ছয় মাস আগে ঘরটি সংস্কারের জন্য তিনি পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু অনুমোদন না দিয়ে মেয়র স্বাধীন কুমার কুণ্ডু এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহম্মেদ তাঁর কাছে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। পরে তিনি পুনরায় পৌরসভায় যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ঘরটি হাটের পেরিফেরি (সীমানা) ভুক্ত সম্পত্তি। আবদুল কুদ্দুস দাবি করেন, ওই এলাকার ২৩৫৬ দাগের জমি হাটের সীমানাভুক্ত নয়। তাঁর ছয় শতাংশ জমি ওই দাগেই আছে। এসব কাগজপত্র তিনি পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে দেখিয়েছেন। তার পরও তাঁরা সংস্কারের অনুমোদন না দিয়ে তাঁর কাছে উৎকোচ দাবি করছেন। মেয়র স্বাধীন কুমার কুণ্ডু এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদ ওই ব্যবসায়ীর কাছে উৎকোচ দাবির কথা অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, ২৩৫৬ দাগের সম্পত্তি হাট পেরিফেরিভুক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, যেটা সরকারি জমি শুধু সেটাই হাট পেরিফেরিভুক্ত সম্পত্তি হবে। ব্যক্তিগত কোনো সম্পত্তি হাট পেরিফেরি সম্পত্তির আওতাভুক্ত আসে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবার রহমান জানান, ২৩৫৬ নম্বর দাগ শেরপুর বারোদুয়ারী হাটের পেরিফেরিভুক্ত কোনো সম্পত্তি নয়।