পুলিশকে উৎকোচ না দিলে রংপুর আদালতের হাজতখানায় কোনো আসামির সঙ্গে তার স্বজনকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের কোর্ট দারোগা জাহেদুল ইসলাম জানান, বিভিন্ন মামলার আসামিদের প্রতিদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কারাগার থেকে আনা এসব আসামি রাখার জন্য আদালত চত্বরের এক কোণে একটি হাজতখানা রয়েছে। সেখানে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৫০ জনের মতো আসামি হাজিরা দিতে আসে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, আদালত চত্বরের এক পাশে হাজতখানার ছোট দুটি কক্ষ ও একটি বাথরুম। বাথরুমটি নোংরা ও দুর্গন্ধে ভরা। এরই মধ্যে আসামিরা প্রাকৃতিক কাজ সেরে থাকে। ফলে ওই দুটি কক্ষে থাকা তো দূরের কথা কাছেই যাওয়া যায় না। অথচ দিনভর আসামিরা এখানে বসে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হাজতি জানান, পায়খানা পরিষ্কার করা হয় না। ঘর দুটিও নোংরা। দুর্গন্ধে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। কেউ কেউ বমিও করে ফেলে।এদিকে, হাজতি আসামিদের দেখতে আসা স্বজনেরা অভিযোগ করেন, কর্তব্যরত পুলিশকে উৎকোচ না দিলে আসামির সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসে এক আসামি। তার মা বদরগঞ্জের দেলোয়ারা বেগম বলেন, ‘বাহে এটে ছাওয়াটাক দেখপার ও ভাত খিলবার জন্যে ৪০০ টাকা দেওয়া লাগিল।’ হাজতখানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আবদুস সামাদ টাকার বিনিময়ে দেখা করতে দেওয়ার কথা অস্বীকার করেন। তবে এই হাজতখানা নোংরা দুর্গন্ধময় বলে তিনি মন্তব্য করেন। আদালতে আসামিদের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (কোর্ট দারোগা) জাহেদুল ইসলাম বলেন, ‘আসামিদের থাকার স্থানের পরিবেশ উন্নত হওয়া প্রয়োজন।’ তবে তিনি আসামির স্বজনদের কাছ থেকে উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করেন।