প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বরিশালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের (বিএলপি) সহকারী পরিচালকের বিরুদ্ধে উৎকোচ নিয়ে অযোগ্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ প্রকল্পে পাঁচটি উপজেলায় ১ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
বিএলপি প্রকল্পের কার্যক্রমের নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলায় ৩০০ কেন্দ্র স্থাপন করে ছয় মাস ধরে দিন ও রাত দুই পালায় পাঠদান করা হবে। এর অধীনে ১৮ হাজার হতদরিদ্র ও নিরক্ষর মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। এ জন্য ৬০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বঞ্চিত বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা বলেন, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএলপি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিওর মধ্যে প্রকল্প প্রস্তাবনা আহ্বান (আরএফপি) পত্র দেওয়ার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহপত্র আহ্বান করে। এতে শতাধিক প্রতিষ্ঠান আগ্রহপত্র জমা দেয়। এর মধ্যে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে ১৬টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনকে তালিকাভুক্ত করার কথা। কিন্তু বরিশালের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিএলপি প্রকল্পের সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার তালিকা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতি করে উৎকোচ নিয়ে অযোগ্যদের তালিকাভুক্ত করেছেন।
তালিকায় দেখা যায়, আগৈলঝাড়ায় সেইন্ট বাংলাদেশ, ভোসড ও জিডিপিএএস, গৌরনদীতে আভাস, আরইডিও ও বিইউএস, হিজলায় দাড়িয়াল জনকল্যাণ সংস্থা, রিচ টু আনরিচড ও বন্ধন সোশ্যাল ডেভেলপমেন্টে প্রজেক্ট, মেহেন্দীগঞ্জে সেইন্ট বাংলাদেশ, দেশ গড়ি ও আভাস এবং মুলাদীতে এইড অর্গানাইজেশন, দাড়িয়াল জনকল্যাণ সংস্থা ও রুরাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে তালিকাভুক্ত করা হয়েছে।
গৌরনদী ও আগৈলঝাড়ায় কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আইয়ুব আলী মৃধা বলেন, ‘বিএলপি প্রকল্পের সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার উৎকোচ নিয়ে প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেছেন। আমরা টাকা দিতে পারি নাই বলে তালিকায় নাই।’
লাভ দাই নেইবর-এর নির্বাহী পরিচালক মাহুমুদা বেগম বলেন, ‘কোনো দিন উপানুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেয়নি ও অফিস নেই, এমন প্রতিষ্ঠানকে উৎকোচ নিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। আমার প্রতিষ্ঠান ১৬ বছর ধরে উপানুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত। সব শর্ত থাকা সত্ত্বেও উৎকোচ না দেওয়ায় তালিকাভুক্ত করা হয়নি।’
ব্রেভ-এর নির্বাহী পরিচালক এম এন আনোয়ার উল্লাহ বলেন, ‘আবেদন না করলেও কোনো কোনো সংস্থাকে (সেইন্ট বাংলাদেশ) তালিকাভুক্ত করা হয়েছে। সব যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান তালিকায় নেই।’
বিএলপির সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। যারা অযোগ্য, তারা অভিযোগ করেছে।