কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক অভিযানে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎকোচের বিনিময়ে মেলার নামে জুয়ার আসর বসার অনুমতি দিয়েছেন। অভিযোগে জানা যায়, উপজেলার কারপাশা ইউনিয়নের ধিউরাইল ও মজলিশপুর পাহাড় কানাই এলাকায় প্রায়ই জুয়ার আসর বসে। শহরমূল নামের আরেকটি স্থানে গ্রামীণ মেলার নামে সদ্য শুরু হয়েছে নতুন জুয়ার আসর। এখানে দূরদূরান্তের জুয়াড়িরাও অংশ নিতে আসছে। এ বিষয়ে নিকলী থানার পুলিশকে অবহিত করা হলে তা আমলে নেওয়া হয়নি। উপরন্তু মোটা অঙ্কের টাকা নিয়ে কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানীর সহযোগিতায় স্থানীয় থানার ওসি মো. বজলুর রহমান নিজেই গত সোমবার এ মেলার অনুমতি দেন। খবর পেয়ে ওই দিন রাতেই জুয়ার আসরে আকস্মিক অভিযান চালান জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা। গোয়েন্দা পুলিশ ও করিমগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিনি এ অভিযান চালান। সেখান থেকে আটক করেন ফয়জুল (৩২), নুরুল হক (২৬), ফয়েজ উদ্দিন (২৭) ও মো. নুরুল হক (২০) নামের চার জুয়াড়িকে। অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের পরদিন আদালতে হাজির করা হলে সেখান থেকে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান প্রথম আলোকে বলেন ‘শুনেছি অতিরিক্ত পুলিশ সুপার স্যার মেলা থেকে কয়েকজন জুয়াড়িকে ধরে নিয়ে গেছেন। তাদের কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।’ তিনি জুয়ার বিষয়টি স্বীকার করলেও উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করেছেন। কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মেলার আয়োজকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সঙ্গে নিকলী থানার ওসির জড়িত থাকার বিষয়টি স্বীকার করে পুলিশ সুপারকে তা অবহিত করা হয়েছে বলে জানান।