উৎকোচ নিয়ে নির্ধারিত সময়ের পরও গুদামে ঢুকছে চাল!
নির্ধারিত সময় পেরোনোর পরও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল ঢুকছে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উৎকোচ নিয়ে অবৈধভাবে গুদামে চাল ঢোকানোর সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় আতপ চাল সংগ্রহ অভিযান শেষ হয় গত ৩১ অক্টোবর। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৪৩৭ মেট্রিক টন। আশুগঞ্জ, সরাইল ও কসবা উপজেলার ৭৯টি চালকলের সঙ্গে চুক্তি হয়। এর মধ্যে সাত হাজার ৪০২ মেট্রিক টন সরবরাহের অনুমতি পান আশুগঞ্জের চুক্তিবদ্ধ কলমালিকেরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা এই পরিমাণ চাল গুদামে পাঠিয়েছেন কি না, তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।অনুসন্ধানে জানা গেছে, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত আশুগঞ্জের বিভিন্ন খাদ্যগুদামে বিপুল পরিমাণ চাল ঢোকানো হয়। ৪ নভেম্বর সরেজমিনে গিয়েও আশুগঞ্জের পাঁচটি খাদ্যগুদামে নিম্নমানের চাল ঢোকাতে দেখা গেছে। এসব চাল সংগ্রহের জন্য সরকারি দর টনপ্রতি ৩৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। অথচ টিআর-কাবিখা প্রকল্পের এসব চাল ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র টনপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, ১ নভেম্বর প্রায় সাড়ে ৩০০ টন চাল গুদামে ঢোকানো হয়েছে। তবে গুদামে ঢোকানোর জন্য প্রতি টন চালের জন্য এক হাজার টাকা উৎকোচ নেওয়া হয়েছে। তাঁরা আরও জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে শাহজাহান ভূঁইয়া যোগ দেওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া খাদ্য বিভাগে প্রকাশ্যেই অনিয়ম ও দুর্নীতি শুরু হয়েছে।শাহজাহান ভূঁইয়া বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। ডিসি ফুড (জেলা খাদ্য নিয়ন্ত্রক) হিসেবে আমি সংশ্লিষ্ট কাউকে কোনো কিছু বলিনি। গুদামে কত টন চাল ঢুকছে, তা-ও আমি জানি না।’৪ নভেম্বর গুদামে কয়েক ট্রাক মাল ঢোকানো হয়েছে, এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে শাহজাহান ভূঁইয়া জানান, সেদিন দিনাজপুর থেকে তিন ট্রাক মাল এসেছিল। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশেই গুদামে চাল ঢোকানো হচ্ছে।