উৎকোচ পেলে বিদ্যুতের সংযোগ দেন, না পেলে দেন না তিনি
তিনি পল্লী বিদ্যুৎ অফিসের একজন ওয়্যারিং পরিদর্শক। নাম জোবায়েদ হোসেন ওরফে নকিব। নকিব নামেই এলাকায় বেশি পরিচিত। তিনি উৎকোচ পেলে বিদ্যুতের সংযোগ দেন। উৎকোচ না পেলে বিদ্যুতের সংযোগ দেন না।এভাবে দীর্ঘদিন সাধারণ মানুষ হয়রানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী হোসেনপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগের কোনো বিচার না পেয়ে এলাকাবাসী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর অপর একটি লিখিত অভিযোগপত্র দিয়েছেন।এলাকাবাসী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, হোসেনপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একজন ওয়্যারিং পরিদর্শক জোবায়েদ হোসেন ওরফে নকিব। দীর্ঘদিন ধরে হোসেনপুর জোনাল অফিসের অধীনে পাকুন্দিয়া উপজেলায় ওয়্যারিং পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি বিদ্যুতের সংযোগ পাইয়ে দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ হিসেবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। যাঁরা উৎকোচ দেন, তাঁদের তিনি বিদ্যুতের সংযোগ পাইয়ে দেন। যাঁরা উৎকোচ দেন না, তাঁদের সংযোগও পাইয়ে দেন না।পাকুন্দিয়া সদর বাজারের আশরাফ স্টিল ফার্নিচারের মালিক নাদির শাহ অভিযোগ করে বলেন, ‘আমাদের দোকানে একটি নতুন মিটারের সংযোগ পাইয়ে দেওয়ার জন্য ওয়্যারিং পরিদর্শক নকিব আমার কাছ থেকে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা নিয়েছেন।’সাটিয়াদী গ্রামের রমিজ উদ্দিন অভিযোগ করেন, বোরোর মৌসুমে সেচকাজে বিদ্যুতের সংযোগ পাইয়ে দেওয়ার জন্য ওয়্যারিং পরিদর্শক নকিব তাঁর কাছে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। তিনি উৎকোচ দিতে রাজি না হওয়ায় সংযোগ দেননি।কুমারপুর গ্রামের রাজীব উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ওয়্যারিং পরিদর্শক নকিবকে তিন মাস আগে একটি মিটার পাইয়ে দেওয়ার জন্য পরপর দুবার তিন হাজার টাকা করে ঘুষ দিয়েছি। তিন মাস পার হয়ে গেলেও বিদ্যুতের সংযোগ এখনো পাইনি।’ হোসেনপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মকবুল হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ওয়্যারিং পরিদর্শক জোবায়েদ হোসেন নকিব জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তাঁর জন্য এলাকার কতিপয় দুর্নীতিবাজ ইলেকট্রিশিয়ান দুর্নীতি করতে পারছে না। তাই ওই মহলটি তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে।