উৎকোচ পেলেন না, তাই প্রতিশ্রুতিও রাখলেন না
ভবনমালিককে প্রতিশ্রুতি দিয়েও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্তৃপক্ষ দিনাজপুরের বিরামপুর শাখা কার্যালয় প্রতিশ্রুত ভবনে স্থানান্তর করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
ভবনমালিকের অভিযোগ, দিনাজপুর দক্ষিণ অঞ্চলের তৎকালীন বিভাগীয় কর্মকর্তা উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম হেলাল উদ্দিনের চাহিদামতো উৎকোচ না দেওয়ায় তিনি প্রতিশ্রুতি রাখেননি।
ভবনমালিক বিরামপুর পৌরসভার হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমান জানান, গত বছর নভেম্বর মাসের দিকে তিনি ও তাঁর বড় ভাই তৌফিকুর রহমান পৌর শহরের পূর্বপাড়া মোড়ে নতুন ভবন নির্মাণ করেন। ডিসেম্বর মাস থেকেই রাকাবের বিরামপুর শাখার কর্মকর্তারা ভবনটি ভাড়া নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে রাকাব বিরামপুর শাখার ব্যবস্থাপক রঘুনাথ চন্দ্র অধিকারী এবং বিভাগীয় উপমহাব্যবস্থাপক এস এম হেলাল উদ্দিনসহ অন্য কর্মকর্তারা ওই ভবনের দ্বিতীয় তলায় রাকাবের বিরামপুর শাখার জন্য ভাড়া নেওয়ার প্রস্তাব ও পছন্দমতো ভবন নির্মাণেরও নির্দেশনা দেন।
প্রতিশ্রুতি পেয়ে ভবনের মালিকেরা তাঁদের জমি বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করেন। ভবনের ছাদ দেওয়ার পর ভবন মালিকেরা রাকাব কর্তৃপক্ষের সঙ্গে লিখিত চুক্তির তাগাদা দেন। এ সময় এস এম হেলাল উদ্দিন ভবন মালিক মোস্তাফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। কিন্তু তাঁরা উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করলে কার্যালয় স্থানান্তর নিয়ে টালবাহানা শুরু করেন। অবশেষে গত ৩ সেপ্টেম্বর রাকাবের বিরামপুর শাখা কার্যালয় থেকে শাখা স্থানান্তরের প্রক্রিয়া বাতিল করে লিখিতভাবে ভবন মালিকদের জানানো হয়। মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, এতে করে তাঁরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এস এম হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, শাখা স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়। অনুমতি না পাওয়ায় স্থানান্তর-প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রঘুনাথ চন্দ্র অধিকারী জানান, বিভিন্ন সমস্যার কারণে বর্তমানে শাখা স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিরামপুর শাখার তাগাদাপত্রের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগ থেকে বিরামপুর শাখার ভবন স্থানান্তর ও ভাড়া নির্ধারণের জন্য তাঁকে লিখিতভাবে জানানো হয়। এরপর এস এম হেলাল উদ্দিন এসে মোস্তাফিজুর রহমানের ভবনটি দেখেন ও সেখানে ভবন স্থানান্তরের প্রস্তাব দেন। তবে কী কারণে পরে শাখা প্রতিশ্রুত ভবনে স্থানান্তর করা হলো না, এ বিষয়ে শাখা ব্যবস্থাপক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।