বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কার্যক্রমের দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি আশা প্রকাশ করেন, সব ঠিক থাকলে ২০১৭ সালের মার্চে বঙ্গবন্ধু উপগ্রহ পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা সম্ভব হবে।
সচিবালয়ে গতকাল রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এ কাজটায় বিলম্ব হয়েছে। যথেষ্ট দেরি হয়েছে। এটা দ্রুততার সঙ্গে করতে হবে। আগেই এ কাজটা করে ফেলা উচিত ছিল। এসব কাজ একটু সাহস নিয়ে করা উচিত।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের উদ্যোগ নেয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করবেন। মনে রাখবেন, সরকারের মেয়াদ পাঁচ বছর। যার মধ্যে ছয় মাস চলে গেছে, সাত মাস চলছে। আর বাকি আছে চার বছর পাঁচ মাস। এ সময়ের মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হবে।’
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মহাখালী, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে আইসিটি ভিলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় একটি আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৫ সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ পর্যন্ত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সমুদ্রসীমা নিয়ে বিএনপিকে দোষারোপ: প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও মিয়ানমার বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদের বিরুদ্ধে মামলা করে বিজয়ী হওয়া সহজ ছিল না। সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করতে আমরা ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত অনেক কাজ এগিয়ে রেখে যাই। আমাদের আশা ছিল, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবে, তারা কাজ এগিয়ে নেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের; তারা (বিএনপি) কোনো পদক্ষেপ নেয়নি। তারা (বিএনপি) সময়মতো পদক্ষেপ নিলে মহীসোপানে অধিকার সুনির্দিষ্ট হয়ে যেত এ রায়ের সঙ্গে সঙ্গে। সে সময়ে তারা (বিগত বিএনপি সরকার) সঠিক পদক্ষেপ নেয়নি বলে আমরা পিছিয়ে গেছি। আসলে তাদের এ নিয়ে কোনো চিন্তাভাবনাই ছিল না।’
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ২১ বছর ক্ষমতায় ছিল, দুই-দুইটা মিলিটারি ডিকটেটর (সামরিক শাসক) ক্ষমতায় ছিল। তারা কেউ কিন্তু এ বিষয়ে (সমুদ্রসীমা) তেমন কোনো উদ্যোগ নেয়নি।
প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, শুধু ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকেই প্রতি মাসে প্রায় ৪০ লাখ মানুষ সেবা পাচ্ছে। সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করে বাংলাদেশ এখন বছরে ১২৫ মিলিয়ন ডলার আয় করছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার পাঁচটি মুঠোফোন কোম্পানিকে থ্রিজি লাইসেন্স দিয়েছে। থ্রিজির কাজ শেষ হওয়ার পর অচিরেই েফারজির কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিক যোগাযোগ নিরবচ্ছিন্ন ও দ্রুততর করার জন্য বিদ্যমান সাবমেরিন কেব্লের সঙ্গে আরও একটি কেবল সংযুক্ত করার জন্য সম্প্রতি বাংলাদেশ চুক্তি সই করেছে। পটুয়াখালীর কুয়াকাটায় এর ল্যান্ডিং স্টেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এ সময় আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।