উৎপাত থেকে বাঁচতে আত্মহত্যার সিদ্ধান্ত নিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে যাতায়াতের সময় সপ্তম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে রানা। এর প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয় কিশোরীর চাচাত ভাই আহাদ। এ ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায় সে। রানার উৎপাত থেকে বাঁচতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার রাতে সে কীটনাশক পান করে। গতকাল বুধবার এসব কথা বলে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কিশোরীটি (১৪)। তার চাচাত ভাই আহাদও একই হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীর ভাষ্য, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উপজেলার কালিহরকান্দা গ্রামের উমেদ হোসেনের বখাটে ছেলে রানা (১৮) প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় রানা বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্যসহ তাকে বিদ্যালয়ে না যেতে হুমকি দেয়।সম্প্রতি বিদ্যালয়ে যাওয়ার পথে রানা তার ওড়না ধরে টানাটানি করে। গত সোমবার ঘটনাটি সে তার পরিবারের সদস্যদের জানায়। আহাদ মিয়ার ভাষ্য, একই দিন এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রানা তাকে বেদম মারধর করে। এতে সে আহত হয়। কিশোরীর মায়ের ভাষ্য, বখাটে রানার যন্ত্রণা সইতে না পেরে তার মেয়ে আত্মহত্যা করতে বিষ পান করে।পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রুহুল হায়দার বলেন, কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনেরা নিয়ে আসেন। সে বিষ পান করেছে বলে তাঁরা জানান। আমি সে অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর কিশোরী সুস্থ হয়ে উঠছে। চিকিৎসাধীন আহাদের শরীরে মারধরের চিহ্ন আছে বলে তিনি জানান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, এ ব্যাপারে কিশোরীর মামা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।