উৎপাদক সমবায় গড়ে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের উৎপাদন ব্যয় কমাতে কৃষি-উপকরণের দাম কমানো, ঋণের সুযোগ ও ক্ষতিপূরণ বিমা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটি উৎপাদক সমবায় গড়ে তোলারও দাবি জানিয়েছে।
গতকাল রোববার বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে সিপিবি ও বাসদের নেতারা এ দাবি জানান। সিপিবি ও বাসদ যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে আলোচকেরা বলেন, কৃষি খাত চলছে অপরিকল্পিতভাবে। ফসল উৎপাদন করে লাভজনক দাম না পেয়ে কৃষকেরা ঠকছেন।
সম্প্রতি আলু নিয়ে দেশের কৃষকদের যে দুরবস্থা চলছে, তাতে দেখা যায় ‘আলু চাষ কৃষকের ফাঁসে’ পরিণত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য উৎপাদক ও ভোক্তা সমবায় গড়ে তোলার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
বৈঠকে মূল প্রবন্ধ উত্থাপন করেন অর্থনীতিবিদ ও সিপিবির নেতা এম এম আকাশ। এতে বক্তব্য দেন অর্থনীতিবিদ মাহবুব হোসেন, কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।