উৎপাদন এক স্থানে নিলাম অন্য স্থানে
দেশের অধিকাংশ চা-বাগান পড়েছে মৌলভীবাজার জেলায়। শুধু তা-ই নয়, বৃহত্তর সিলেটেই রয়েছে বেশির ভাগ চা-বাগান। কিন্তু এই অঞ্চলের উৎপাদিত চা-পাতা নিলামে বিক্রির জন্য চা-বাগান কর্তৃপক্ষকে যেতে হয় চট্টগ্রামে। বিভিন্ন সময় সরকারের ঊর্ধ্বতন মহলে এলাকাবাসী এবং চা-উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে চায়ের নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে স্থাপন করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি। চা-বাগানসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের ১৬২টি চা-বাগানের মধ্যে ৯২টিই পড়েছে মৌলভীবাজার জেলায়। চট্টগ্রাম ও পঞ্চগড়ের কয়েকটি চা-বাগান ছাড়া বাকিগুলো পড়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলায়। কিন্তু এই চা-বাগানগুলোর উৎপাদিত চা-পাতা নিলামের জন্য নিয়ে যেতে হয় চট্টগ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি চা-বাগানের ব্যবস্থাপক গত বৃহস্পতিবার বলেন, ‘মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকা থেকে চট্টগ্রামে একটি ট্রাকের ভাড়া ১৪ থেকে ১৫ হাজার টাকা। একটি ট্রাক ১৫ হাজার কেজির মতো চা-পাতা পরিবহন করে। প্রতি কেজিতে এক টাকার মতো পরিবহন খরচ পড়ে যায়। এতে করে চা-বাগানে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।’ এদিকে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গত ২৩ জুলাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে বাণিজ্যমন্ত্রী বরাবর একটি আবেদন জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের চেষ্টা করে আসছে। ২০০৩ সালে এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি লেখা হলে বিষয়টি চা-বোর্ডের বোর্ডসভায়ও আলোচিত হয়েছে। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ বৃহস্পতিবার বলেন, ‘চট্টগ্রামে নিলাম কেন্দ্র থাকার কোনো যৌক্তিকতা নেই। শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা যত দ্রুত সম্ভব, শ্রীমঙ্গলে নিয়ে আসা দরকার।’বাংলাদেশীয় চা-সংসদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী গতকাল শনিবার বলেন, ‘শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র হলে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ লাভবান হবে। পরিবহন খরচ বাঁচবে। এখন সব চা চট্টগ্রামে পাঠাতে হয়। চট্টগ্রাম অঞ্চলের জন্য চট্টগ্রামে নিলাম কেন্দ্র থাকুক। ভারতেও একাধিক স্থানে নিলাম কেন্দ্র আছে।’ সাফওয়ান চৌধুরী জানান, রাজশাহী বা রংপুরের একজন ক্রেতার জন্য চট্টগ্রামের চেয়ে শ্রীমঙ্গলে আসা সহজ। বাংলাদেশীয় চা-সংসদের পক্ষ থকে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রীও বলেছেন, শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র হওয়া উচিত। এ ছাড়া ১ আগস্ট চা-বোর্ডের ৭৭তম বোর্ডসভায় ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়টি পর্যালোচনা করে দেখবে।