কক্সবাজারে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ কম উৎপাদিত হয়েছে। তার ওপর মাঠে লবণ বিক্রি হচ্ছে উৎপাদনমূল্যের চেয়ে কম দামে। এ অবস্থায় মৌসুম শেষে ক্ষোভ আর হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন চাষিরা।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার আট উপজেলায় ৩৮ হাজার ৫৮২ জন প্রান্তিক চাষি ৫৫ হাজার ৬৩৭ একর জমিতে লবণের চাষ করেন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ১৭ লাখ মেট্রিক টন। কিন্তু গত ৬ মে পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে মাত্র নয় লাখ ৫১ হাজার ৪১১ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে সাত লাখ ৪৮ হাজার ৫৮৯ মেট্রিক টন কম। যেখানে গত মৌসুমে জেলায় লবণ উৎপাদিত হয়েছিল প্রায় ১৭ লাখ মেট্রিক টন।বিসিক কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. অলিউল্লাহ জানান, আগেরবারের চেয়ে এবার ২০ হাজার একর কম জমিতে লবণের চাষ হয়েছে। তা ছাড়া অনেক জমিতে দেরিতে চাষাবাদ শুরু হয়েছে। এ কারণে লবণের উৎপাদন কম হয়েছে।অলিউল্লাহ জানান, গত ৭ মে থেকে উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে লবণের চাষ ব্যাহত হচ্ছে। মাঠে নতুন করে লবণ উৎপাদন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কারণ বৃষ্টির পানিতে একবার মাঠ নষ্ট হলে উৎপাদনের উপযোগী করতে কমপক্ষে পাঁচ-ছয় দিন সময় লাগে।কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, ভারত থেকে বিপুল পরিমাণ লবণ আমদানির কারণে কক্সবাজারে উৎপাদিত লবণ বাজার হারিয়েছে। মৌসুমের শুরু থেকে চাষিরা মাঠে প্রতি কেজি লবণ বিক্রি করছেন এক থেকে দেড় টাকায়। যদিও প্রতি কেজি লবণ উৎপাদনে খরচ পড়ে প্রায় আড়াই টাকা। তাই লোকসানের কবলে পড়ে কয়েক হাজার চাষি মৌসুমের মাঝামাঝি সময়ে উৎপাদন বন্ধ করে দেন। অন্যদিকে, ২০ হাজার একরের বেশি জমিতে শুরু থেকে চাষই হয়নি। এখন মৌসুম শেষে ক্ষোভ আর হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ৪০ হাজার চাষি। সদর উপজেলার চৌফলদণ্ডি গ্রামের চাষি আবদুল হাকিম (৫২) জানান, তিনি মৌসুমের শুরুতে (ডিসেম্বর মাসে) তিন একর জমিতে লবণের চাষ শুরু করেছিলেন। দুই মাসে দেড় লাখ টাকা লোকসান দেওয়ার পর তিনি জমি কমিয়ে মাত্র এক একরে চাষ করেন। কিন্তু তাতেও তাঁর ৪০ হাজার টাকার মতো লোকসান গেছে।আবদুল হাকিম জানান, ভারত থেকে লবণ আনা বন্ধ না করলে আগামী মৌসুমে চাষিরা মাঠে নামবেন কি না, সন্দেহ রয়েছে। খুরুশকুল গ্রামের চাষি সিরাজুল ইসলাম (৫২) জানান, মাঠে উৎপাদিত লবণ প্রতি কেজি এক টাকায় বিক্রি হলেও হাটবাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়।কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছ উদ্দিন জানান, মাঠে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, লবণ বোর্ড গঠন এবং ভারত থেকে লবণ আনা বন্ধের দাবিতে চাষিরা মৌসুমজুড়ে আন্দোলন-সংগ্রাম করেছেন, কিন্তু কিছুই হয়নি। চলতি মে মাসের শুরুর দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে প্রতি কেজি লবণ চার টাকা দরে কেনার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হলেও মাঠের চিত্র ভিন্ন। কোনো ব্যবসায়ী এক টাকার বেশি দরে লবণ কিনতে রাজি হচ্ছেন না।