চাহিদা কম ও অতিরিক্ত পরিবহন ব্যয়সহ বাড়তি খরচের কারণে মানিকগঞ্জ জেলার ফুলকপিচাষিরা লোকসানের মুখে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফুলকপির বেশ কয়েকটি জাত রয়েছে। তবে দেশে হোয়াইট মারবেল, স্নো স্টার, স্নো হোয়াইট, ৩৩৩, ৭৭৭, হামাজোকি, সিরাজিকু, হোয়াইট এক্সেল ও স্নো ডায়মন্ড জাতের ফুলকপির আবাদ হয়ে থাকে। এর মধ্যে ফলন ভালো হওয়ায় হোয়াইট মারবেল, স্নো স্টার, ৩৩৩, স্নো হোয়াইট ও হোয়াইট এক্সেল জাতের ফুলকপি বেশি চাষ হয়। এ বছর জেলার সিঙ্গাইর, সাটুরিয়া, সদর ও ঘিওর উপজেলায় ৮ হাজার ২৯৯ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে এসব উপজেলায় শুধু ৫ হাজার ৫০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে। গতবার চাষিরা লাভবান হওয়ায় এ বছর তুলনামূলক বেশি জমিতে ফুলকপির আবাদ করেছেন।
চািষদের হিসাবমতে, এক বিঘা জমিতে ফুলকপি আবাদের জন্য বীজ ও সেচের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা, সার ও কীটনাশকের জন্য ১০ হাজার টাকা, শ্রমিক বাবদ আট হাজার টাকা ও পরিবহন ব্যয় ছয় হাজার টাকাসহ প্রায় ৩০ হাজার টাকা। এ পরিমাণ জমিতে তিন হাজার ফুলকপি হয়। প্রতিটি নয় টাকা হিসাবে এখন এক বিঘা জমির ফুলকপি ২৭ হাজার টাকা বিক্রি করা হচ্ছে।
গতকাল শনিবার সদর ও সাটুরিয়া উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, চাষি ও শ্রমিকেরা খেত থেকে ফুলকপি কেটে রাস্তা কিংবা বাড়ির পাশে স্তূপ করে রাখছেন। এরপর সেগুলো ছোট ও বড় ট্রাক, পিকআপ ভ্যানে করে রাজধানীর বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন।
সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের সবজিচাষি আসলাম শিকদার জানান, অন্যের চাষাবাদে উদ্বুদ্ধ হয়ে এ বছর তিনি প্রায় ৫০ হাজার টাকায় পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে ফুলকপির আবাদ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে আরও ৮০ হাজার টাকা। তিন বিঘা জমির ফুলকপি বিক্রি করেছেন ৭৫ হাজার টাকা।
১৯৮৯ সালে রাষ্ট্রীয় স্বর্ণপদক পাওয়া সাটুরিয়ার হরগজ শিমুলিয়া গ্রামের কৃষক নুরুল হক বলেন, চাষিরা তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করতে পারেন না। এ কারণে মধ্যস্থতাকারীদের কারণে চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকায় যে কপি ১৬ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটা তাঁরা নয় টাকায় বিক্রি করছেন। সমবায়ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ করা কিংবা বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হলে ভালো হতো বলে তিনি মনে করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলীমুজ্জামান মিয়া জানান, বাজার মনিটরিং কিংবা সমবায়ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ করা অধিদপ্তরের এখতিয়ারভুক্ত নয়। কেবল সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিতে পারে।