উৎপাদন বন্ধ করে দিলেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে শ্রমিকেরা খুলনার খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এরপর সারা দিন ওই মিলের উৎপাদন বন্ধ ছিল।

এদিকে শ্রমিকদের কর্মসূচি চলাকালে খালিশপুর জুট মিলের উপব্যবস্থাপক তৌছিব হাসান এক নারী শ্রমিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই কর্মকর্তাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মিল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 শ্রমিক সূত্রে জানা গেছে, তিন সপ্তাহের মজুরি বকেয়া পড়ায় শ্রমিকেরা গত ২৮ আগস্ট বেলা আড়াইটার দিকে মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। পরে মিল কর্তৃপক্ষ ২৯ আগস্ট দুই সপ্তাহের এবং গতকাল বৃহস্পতিবার আরও এক সপ্তাহের মজুরি দেওয়ার আশ্বাস দিলে ২৯ আগস্ট সকাল ৭টায় তাঁরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। ওই দিন বিকেলে কর্তৃপক্ষ শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি পরিশোধ করে। মিল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বাকি এক সপ্তাহের মজুরি পাওনার অপেক্ষায় থাকেন তাঁরা। বেলা সাড়ে ১১টার দিকে জানতে পারেন তাঁদের মজুরি দেওয়া হবে না। এ খবর মিলের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তের মধ্যে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। দুপুর পৌনে ১২টায় মিলের ১ নম্বর ইউনিটের, দুপুর ১২টায় ২ ও ৩ নম্বর ইউনিটের শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে মিলের উৎপাদন বন্ধ রাখেন। এ সময় শ্রমিকেরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

শ্রমিকেরা অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে ২ নম্বর ইউনিটের ইনচার্জ ও উপব্যবস্থাপক তৌছিব হাসান মুঠোফোনে শ্রমিকদের ছবি তুলতে থাকেন। এতে শ্রমিকদের সঙ্গে ওই কর্মকর্তার বাগ্‌বিতণ্ডা হয়। ১ নম্বর ইউনিটের তাঁত বিভাগের রত্না নামের এক নারী শ্রমিকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ওই নারী শ্রমিককে পিটিয়ে আহত করেন।

মিলের কর্মকর্তার হামলায় নারী শ্রমিক আহত হওয়ার ঘটনা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ২ ও ৩ নম্বর ইউনিটের মাঝের সড়কে অবস্থান নেন। তাঁরা কর্মকর্তা তৌছিব হাসানকে মিলের মাননিয়ন্ত্রণ বিভাগের কার্যালয়ে অরুদ্ধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ওই কর্মকর্তাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিলের শ্রমিকেরা ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। বকেয়া মজুরি পরিশোধ না হওয়া পর্যন্ত আর কাজে যোগ দেবেন না বলেও জানান তাঁরা।

নারী শ্রমিকের গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করে ওই মিলের ভারপ্রাপ্ত প্রকল্পপ্রধান গোলাম আজম মো. মাহবুবউর রশীদ জুলফিকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো শ্রমিকের গায়ে কোনো কর্মকর্তা হাত তোলেননি। বরং শ্রমিকেরাই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। পুলিশ না এলে হয়তো ওই কর্মকর্তাকে শ্রমিকেরা মেরেই ফেলতেন।

জুলফিকার আরও বলেন, কর্মকর্তাদের বোনাস না দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। অন্যান্য মিলে যেখানে দুই থেকে পাঁচ সপ্তাহের মজুরি বাকি আছে, সেখানে খালিশপুর জুট মিলে বাকি আছে মাত্র এক সপ্তাহের মজুরি। ঈদের পর ওই বকেয়া পরিশোধ করা হবে বলে জানালেও শ্রমিকেরা মিল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।

খালিশপুর জুট মিলে বর্তমানে ৫০ কোটি টাকার পণ্য আটকে আছে বলে জানান ওই কর্মকর্তা।