পাবনার সাঁথিয়া মৎস্য প্রজননকেন্দ্রে ১০ বছর ধরে পোনা ও ডিম উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ইজারা ছাড়াই সেখানে মাছ চাষ করছে স্থানীয় একটি সংগঠন। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চুরি হয়ে গেছে মৎস্য প্রজননকেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ। এ ছাড়া স্থানীয় প্রভাবশালী লোকজনের বিরুদ্ধে কেন্দ্র এলাকার গাছ কেটে নেওয়ার অভিযোগও রয়েছে।
সরেজমিনে গত বুধবার বিকেলে দেখা যায়, সাঁথিয়া-পাবনা সড়কের পাশে মৎস্য প্রজনন কেন্দ্রটির অবস্থান। সীমানা দেয়ালঘেরা বিশাল প্রকল্প এলাকা। প্রধান ফটক থেকে শুরু করে ভেতরের রাস্তাগুলো আবর্জনা আর জঞ্জালে ভরা। বড় বড় ঘাসে ঢেকে আছে পুকুরপাড়। বৈদ্যুতিক খুঁটিগুলোতে বাতি নেই। পানির পাম্প অকেজো। অনেক গাছ কেটে নেওয়া হয়েছে। পড়ে আছে গোড়া। তালাবন্ধ ভবনের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, ডিম ও পোনা উৎপাদন বন্ধের পর এই কেন্দ্রের ওপর স্থানীয় প্রভাবশালীদের নজর পড়ে। ২০০৬ সালে মাছ চাষের জন্য সাঁথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি বার্ষিক ২৫ হাজার টাকায় ৫ বছরের জন্য এটি ইজারা নেয়। এরপর থেকেই প্রজননকেন্দ্রের দুরবস্থা শুরু হয়। চুরি হতে থাকে প্রকল্প এলাকার গাছ থেকে শুরু করে বৈদ্যুতিক বাতি পর্যন্ত। ২০১১ সালে ইজারার মেয়াদ শেষ হলেও তা আর নবায়ন করা হয়নি। এখন ইজারা ছাড়াই সমিতির নামেই সেখানে চলছে মাছ চাষ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পাঁচ থেকে ছয়জন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রজননকেন্দ্রে কোনো নিরাপত্তাকর্মী নেই। একটি সংঘবদ্ধ চক্র রাতে এখান থেকে গাছ কেটে নেওয়াসহ পাম্পের যন্ত্রাংশ ও বাতি চুরি করে নিয়েছে। এমনকি এখানকার ভবন ও সীমানাপ্রাচীর থেকে ইট পর্যন্ত খুলে নেওয়া হচ্ছে। মৎস্য কার্যালয়ের কোনো তদারকি নেই। কিছু লোকজন এসে মাঝেমধ্যে মাছ ছাড়ে আবার ধরে নিয়ে যান। সন্ধ্যার পর ভবনগুলোর বারান্দায় মাদকসেবীদের আড্ডা বসে।
প্রকল্পের ইজারাদার সাঁথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমিতির সভাপতি কালিপদ হালদার বলেন, ‘সমিতি নিয়মিতভাবে প্রকল্প এলাকার পুকুরে মাছ চাষ করছে। তবে ব্যস্ততার কারণে ইজারা নবায়ন করা সম্ভব হয়নি। শিগগিরই চুক্তি নবায়ন হবে।’ প্রকল্প এলাকায় চুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন পুকুরের মাছ বড় হয়, তখন পাহারার ব্যবস্থা করে থাকি। অন্য সময়ের কথা জানি না।’
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উন্মুক্ত জলাশয়ে মাছের আবাদ বাড়াতে সরকারি উদ্যোগে ১৯৯০ সালে এই মৎস্য প্রজননকেন্দ্রটি চালু হয়। প্রায় ৩৭ বিঘা জমির ওপর ১০টি পুকুর নিয়ে এ প্রকল্প গড়ে ওঠে। পানি সরবরাহের জন্য পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প, হ্যাচারি ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি ভবনসহ নির্মাণ করা হয় বেশ কিছু স্থাপনা। প্রকল্প এলাকায় রোপণ করা হয় বিভিন্ন ফলদ ও বনজ গাছ। লাগানো হয় অর্ধশতাধিক আলোক বাতি। এখান থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার কেজি পোনা মাছ ও ২ হাজার কেজি ডিম উৎপাদন হতো। ২০০৫ সালে বন্ধ হয়ে যায় কেন্দ্রের উৎপাদন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান বলেন, ‘এখানে নতুন এসেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
দুটি পাম্পের যন্ত্রাংশসহ কিছু জিনিসপত্র চুরির কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘প্রজননকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব ছিল ইজারাদারদের। তাঁরা ব্যর্থ হওয়ায় ইজারা নবায়ন করা হয়নি। কিছু যন্ত্রপাতি উপজেলা মৎস্য কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিজেদের ব্যবস্থাপনায় পুনরায় এটি চালুর প্রস্তাব করেছি। অনুমোদন পেলে প্রকল্পটি দ্রুত চালু করা হবে।’