
চালের দাম বাড়লে শহরের ভোক্তারা কষ্টে থাকে। আর ধানের দাম কমলে ক্ষতিগ্রস্ত হন দরিদ্র কৃষক। কৃষি খাতে গত পাঁচ বছরের চিত্রটি ছিল ঠিক এ রকমই।
সরকারের পুরো সময়জুড়ে দেশের বেশির ভাগ কৃষিপণ্যের উৎপাদন বেড়েছে। সারের দাম তিন দফা কমানো, বীজ সহজলভ্য করা আর ফসলের নতুন জাত উদ্ভাবন কৃষককে উৎপাদনে অনুপ্রেরণা জুগিয়েছে। সরকারের ক্ষমতা গ্রহণের শুরুর দুই বছর কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ভালো দামও পেয়েছেন। কিন্তু তৃতীয় বছরে এসে দাম কমতে শুরু করে। চতুর্থ ও পঞ্চম বছরে এসে ধান-চাল-পাট ও আলুর দাম এতটাই কমেছে যে কৃষককে রীতিমতো লোকসান গুনতে হয়।
গত পাঁচ বছরে আউশ ও আমনের উৎপাদন বাড়াতে কৃষকদের দেওয়া হয়েছে বিশেষ প্রণোদনা। এক কোটি ৪০ লাখ কৃষক পেয়েছেন কৃষি উপকরণ-সহায়তা কার্ড। প্রথমবারের মতো ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে তাঁদের। এবারই প্রথম আমন মৌসুমে ধান-চাল ও বোরো মৌসুমে গম সংগ্রহ করেছে খাদ্য বিভাগ।
ফসলের নতুন জাত উদ্ভাবন আর পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে অবিস্মরণীয় সাফল্য এসেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাঁচ বছরে ৪৪টি ফসলের নতুন জাত উদ্ভাবন করেছেন। ব্রির বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো জিঙ্কসমৃদ্ধ জাতসহ প্রতিকূল পরিবেশসহিষ্ণু আট ধানের জাত উদ্ভাবন করেছেন।
কৃষি অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে সস্তায় চাল খাওয়ার সহজ সমীকরণের পথে হেঁটেছে সরকার। সরকারের শেষ দুই বছরে চালের দাম কম রাখার রাজনীতির হিসাব-নিকাশের কারণে উপেক্ষিত হয়েছে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার স্বার্থ।
কৃষক যখন ফসল তুলে হাট ও মোকামে নিয়ে আসেন, তখন সরকারের ধান-চাল ও পাট ক্রয় শুরু হয় না। আর কৃষকের ফসল যখন সস্তায় ফড়িয়া ও মিলমালিকের গোলায় পৌঁছায়, তখন সরকারের সংগ্রহ শুরু হয়। এই চক্র ভাঙার কোনো চেষ্টা পাঁচ বছরে দেখা যায়নি। ফলে ধান, পাট ও আলুর উৎপাদন বৃদ্ধির যে হার সরকারের প্রথম তিন বছরে দেখা গিয়েছিল, শেষ দুই বছরে তা স্থবির হয়ে গেছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারের কৃষিবিষয়ক নীতিগুলো দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। প্রথম আলোকে কৃষিমন্ত্রী বলেন, ‘সরকারের কাছে কোনো অলৌকিক ক্ষমতা ছিল না। সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করেছি।’
২০০৮ সালের পুরো সময়জুড়ে দেশে-বিদেশে খাদ্যপণ্য ও কৃষি উপকরণের দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। সে সময় দেশে প্রতি কেজি টিএসপি সার ৮০ থেকে ৮৫ টাকা, ডিএপি ৮৫ থেকে ৯০ টাকা এবং এমওপি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অ-ইউরিয়া সারের দাম তিন দফা কমানো হয়। অন্যদিকে ইউরিয়া সারের দাম দুই দফা বাড়ানো হলেও সরকারের শেষ সময়ে এসে তা কমানো হয়। বর্তমানে এক কেজি ইউরিয়া ১৬ টাকা, টিএসপি ২২, ডিএপি ২৬ টাকা, এমওপি সার ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারের কৃষি খাতের পাঁচ বছরের অর্জনকে মূল্যায়ন করে ব্র্যাকের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারের ভূমিকা ছিল ইতিবাচক এবং কৃষকবান্ধব। তবে ভোক্তা ও কৃষকের স্বার্থের মধ্যে সমন্বয়ের বিষয়টি ঠিকমতো হয়নি। চালের দাম কম থাকায় ভোক্তারা খুশি থেকেছে, কিন্তু এর বিনিময়ে কৃষক লোকসান গুনেছেন। এই শাঁখের করাত থেকে মুক্ত হতে যে সাহসী উদ্যোগ নেওয়ার দরকার ছিল, তা দেখা যায়নি।
এদিকে, বিজ্ঞানীরা কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করলেও তাঁদের জন্য নতুন সুখবর ছিল না। পাটের জীবনরহস্য উন্মোচনের পর মাকসুদুল আলমের স্বপ্নযাত্রা দলটিকে ২০১০ সালের ২৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবর্ধনা দেন। সেখানে প্রধানমন্ত্রী দেশীয় বিজ্ঞানীদের আলাদা বেতন কাঠামো ও সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলীর নেতৃত্বে গঠিত কমিটি এ ব্যাপারে সরকারকে একটি সুপারিশও দিয়েছিল। অথচ ওই সুপারিশের দ্রুত বাস্তবায়ন হয়নি।
সরকারি সংস্থায় বিজ্ঞানীরা চাকরিতে খুশি থাকতে না পেরে গত এক যুগে প্রায় ৩০০ বিজ্ঞানী বিদেশে বা বিদেশি সংস্থায় চলে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রায় ২০০ বিজ্ঞানী চাকরি ছেড়ে চলে গেছেন। বিদেশে ও দেশি-বিদেশি সংস্থায় এই মেধাপাচারের ধারা এখনো চলছে।
সরকারের শেষ সময়ে কৃষি খাতের বাইরে থাকা বিজ্ঞানীদের চাকরির বয়স বাড়ানোসহ বিভিন্ন প্রণোদনার ঘোষণা দেয় সরকার। কিন্তু কৃষিবিষয়ক গবেষণা পরিচালনা করে এমন ছয়টি সংস্থার বিজ্ঞানীরা উপেক্ষিতই থেকেছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা হলে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানীদের চাকরির বয়স বাড়ানোর প্রক্রিয়া শুরু করতে বলেছেন।