উৎপাদন বাড়লেও দাম নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী অঞ্চলে শুরু হয়ে গেছে পাটের কেনাবেচা। চাষিদের কাছ থেকে পাট কিনে বোঝাই করা হচ্ছে ভটভটিতে। সেগুলো যাবে বিভিন্ন পাটকলে। ছবিটি গত সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা হাট থেকে তোলা l প্রথম আলো
রাজশাহী অঞ্চলে শুরু হয়ে গেছে পাটের কেনাবেচা। চাষিদের কাছ থেকে পাট কিনে বোঝাই করা হচ্ছে ভটভটিতে। সেগুলো যাবে বিভিন্ন পাটকলে। ছবিটি গত সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা হাট থেকে তোলা l প্রথম আলো

রাজশাহী অঞ্চলের ৪ জেলায় ২০১৩-১৪ মৌসুমে পাটের আবাদ হয়েছিল ৩৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে। ৪ বছরের ব্যবধানে চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৫০ হেক্টর। প্রতিবছরই পাটের উৎপাদন বাড়ছে এই অঞ্চলে। সেই সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও। কিন্তু ভালো দাম পাচ্ছেন না চাষিরা। মাথার ঘাম পায়ে ফেলে পাট উৎপাদন করে আসলই তুলতে হিমশিম খেতে হচ্ছে পাটচাষিদের।

রাজশাহীর মাঠে মাঠে এখন পাট কাটা, জাগ ও শুকানোর কাজ শুরু হয়ে গেছে। মৌসুমের শুরুতে পাট জাগ দেওয়া নিয়ে পানির সংকট থাকলেও বৃষ্টির কারণে সেই সমস্যা মিটে গেছে। নতুন পাট বাজারে আসতে শুরু করেছে। শুরু হয়ে গেছে বেচাকেনা।

গত সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা হাটে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশ দিয়ে ভ্যানে করে পাট নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষকেরা। পাইকারেরা আসছেন, কৃষকদের সঙ্গে দর-কষাকষি করছেন। এরপর পাট কিনে হাটের এক পাশে স্তূপ করছেন। সকাল আটটা বাজতে না বাজতেই শেষ হয়ে যায় পাটের কেনাবেচা।

হাটে কথা হয় পবার বাগধানী সুন্দরপুর থেকে পাট নিয়ে আসা লতিফুর রহমানের সঙ্গে। তিনি প্রতি মণ পাট বিক্রি করলেন ১ হাজার ৪২০ টাকায়। দেড় বিঘা জমিতে পাট চাষ করে তাঁর খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। পাট পেয়েছেন ১০ মণের মতো। লতিফুর রহমান বলেন, এক মণ পাটের পেছনে গড়ে ১ হাজার ৩০০ টাকার মতো খরচ হয়। তার ওপর হাটে নিয়ে আসার খরচ আছে। নিজের ভটভটি ছিল বলে হাটে আনার খরচ লাগেনি তাঁর। এমন দাম পেলে কৃষকেরা আর পাট চাষ করতে চাইবেন না।

রাজশাহী পাটকলে সরবরাহের জন্য হাটে পাট কিনতে এসেছিলেন রাজশাহীর কাটাখালী পৌর এলাকার ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘আজকের (সোমবার) হাটে ৩০০ মণ পাট কিনলাম। দাম পড়েছে গড়ে ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫৫০ টাকা মণ। মিলে কত টাকা দরে পাট কেনা হবে, এখনো ঠিক জানি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের দেওয়া তথ্যমতে, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০১৩-১৪ মৌসুমে ৩৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে পাট চাষ করে উৎপাদন হয়েছিল ৪ লাখ ৩১ হাজার ৬৭৯ বেল পাট। কৃষকেরা ভালো দাম না পাওয়ায় পরের মৌসুমে কমে যায় পাটের চাষ। ২০১৬-১৭ অর্থবছরে চাষ বেড়ে যায় প্রায় ১০ হাজার হেক্টর। চলতি মৌসুমেও পাটের চাষ বেড়ে যায়। এ বছর চাষ হয়েছে ৪৮ হাজার ১৫০ হেক্টরে। কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিল ৫ লাখ ৭ হাজার ১০৪ বেল। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃষি বিভাগের এই লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি পাট উৎপাদন হবে চলতি মৌসুমে।

কৃষকেরা বলেন, সোনালি আঁশ দেশের অন্যতম অর্থকরী ফসল হলেও ধান-চালের মতো এই ফসলের দাম সরকার নির্ধারণ করে দেয় না। ফলে পাটের বাজার নিয়ন্ত্রণ চলে যায় সিন্ডিকেটের হাতে। বাজারে পাটের সরবরাহ একটু বেশি হলেই দাম পড়ে যায়। আবার কখনো হঠাৎ দাম চড়া হয়ে যায়। গত বছর গড়ে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত প্রতি মণ পাট বিক্রি হয়েছে। এ বছর ১ হাজার ৬০০ টাকার বেশি দাম উঠবে বলে মনে হচ্ছে না।

পবার বায়া বাজারের ত্বকীপুর সেতুর নিচে সোমবার সকালে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন কয়েকজন কৃষক। তাঁদের একজন মো. নুরুন্নবী বলেন, এক বিঘা পাট কাটতে শ্রমিকদের মজুরি দিতে হয় ৪ হাজার টাকা। পাটের আঁশ ছাড়ানোর জন্য একজন শ্রমিককে মজুরি দিতে হচ্ছে ৪০০ টাকা ও এক বেলা খাবার। গত বছর এই মজুরি ছিল ৩০০ টাকা। প্রতিবছর সবকিছুর খরচ বাড়ছে। পাটের দাম তো বাড়ে না। এখন বাজারে যে দাম চলছে, তাতে খরচ উঠবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালী বলেন, সরকার পাটজাত কিছু পণ্য ব্যবহারে বাধ্যবাধকতা দিয়েছে। এতে পাটের চাহিদা বেড়েছে। পাট চাষের অনুকূল আবহাওয়া রয়েছে। কৃষকেরা পাট চাষ করে আগের চেয়ে অনেক ভালো দামও পেয়েছেন। ফলে পাটের আবাদ বাড়ছে। এই মৌসুমে পাটের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন হয়তো একটু দাম কম। আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, ‘দাম নিয়ে আমরা সরাসরি কিছু করতে পারি না। তবে সরকারের বিভিন্ন মহলে দাম সম্পর্কে অবহিত করি। যাতে সেই অনুযায়ী পলিসি গ্রহণ করা হয় এবং কৃষক তাঁর পণ্যের ন্যায্য দাম পান।’