রাজধানীতে গতকাল বুধবার আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, শুধু উৎপাদন বৃদ্ধি মানেই খাদ্য নিরাপত্তা নয়। খাদ্য নিরাপত্তার তিনটি বৈশিষ্ট্য হচ্ছে—খাদ্যের সহজলভ্যতা, খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা এবং খাদ্যের উপযোগিতা। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার অগ্রগতি এবং সুরক্ষার অবিচ্ছেদ্য বিষয় হলো সবার জন্য টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।
বিশ্ব খাদ্য দিবস-২০১৪ উপলক্ষে ‘জনগণের খাদ্য, পানি ও ভূমিতে অধিকারের নিরাপত্তা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে। পানি অধিকার ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই সেমিনারের আয়োজন করে। ১৬ অক্টোবর ছিল বিশ্ব খাদ্য দিবস৷
সেমিনারে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কৃষি জমি অন্য খাতে ব্যবহার করতে হলে সরকারি অনুমোদনের বিধান থাকার পরও তা মানা হচ্ছে না। জলাধার, বনভূমি ও পাহাড় সুরক্ষা আইন থাকলেও যথাযথ প্রয়োগ নেই। তিনি বলেন, বন অধিকার আইন, কৃষি অধিকার আইন প্রণীত হচ্ছে না। সবাইকে সংগঠিত হয়ে অধিকার আদায়ে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে, কিন্তু তা দিয়ে পুষ্টিকর খাবার কিনতে পারছে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। তিনি প্রবন্ধে বলেন, প্রতিবছর আমরা মোট কৃষি জমির ১ শতাংশ হারে কৃষি জমি হারাচ্ছি।
এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে সেমিনারের মুক্ত আলোচনাপর্বে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।