উৎপাদন ভালো তবু লোকসানে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এক বিঘা জমিতে মরিচ চাষ করেছিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কৃষক তারিকুল ইসলাম। ফলন এবং লাভ ভালো হওয়ায় এ বছর লাভের আশায় তিন বিঘা জমিতে মরিচের চাষ করেছেন তিনি। 
এবার লাভ তো দূরের কথা, খেত থেকে মরিচ তোলার খরচই ওঠাতে পারছেন না তিনি। প্রতি কেজি মরিচ তিন থেকে সাড়ে তিন টাকায় বিক্রি করতে হচ্ছে।
তারিকুল জানান, গত বছর এক বিঘা জমিতে মরিচ চাষ করতে চারা, সার, কীটনাশকসহ আনুষঙ্গিক ব্যয় হয়েছিল প্রায় ২০ হাজার টাকা। উৎপাদন হয়েছিল প্রায় আড়াই মেট্রিক টন মরিচ। গত বছর এ সময়ে প্রতি কেজি মরিচ ২০-২৫ টাকা বিক্রি করা হয়েছিল। এতে খরচ বাদে লাভ হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা।
একই উপজেলার বনগ্রাম গ্রামের ইসমাইল হোসেন (৬০) বলেন, গাছ থেকে প্রতি কেজি মরিচ তুলতে শ্রমিক খরচ হয় তিন টাকা এবং হাটে নিতে যাতায়াত ভাড়া এক টাকা। তিনি সাড়ে তিন টাকা হিসাবে ৬০ কেজি মরিচ বিক্রি করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলাতে মরিচ চাষ হয়ে থাকে। তবে শিবালয়, ঘিওর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মরিচ চাষ করেন চাষিরা। এ বছর জেলায় প্রায় ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড় উৎপাদন ধরা হয়েছে ১০ মেট্রিক টন। এ হিসেবে এ বছর ৫৫ হাজার ৫০০ টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানে ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ জেলার মরিচ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলার মরিচের সবচেয়ে বড় মোকাম শিবালয়ের বরঙ্গাইল হাটে গিয়ে দেখা যায়, চাষিরা সাইকেল, রিকশা-ভ্যান, ঘোড়ার গাড়িসহ ছোট ছোট বিভিন্ন যানবাহনে করে কাঁচা মরিচ হাটে নিয়ে আসছেন। এরপর সেগুলো সেখানকার পাইকারি-ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। পাইকার-ব্যবসায়ীরা পিকআপ ভ্যান ও ট্রাকে করে রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি জেলায় সেসব মরিচ পাঠাচ্ছেন।
এ সময় মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেড নামে মধ্যপ্রাচ্যে কাঁচা মরিচ রপ্তানিকারক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাঁচা মরিচ প্যাকেটজাত করতে দেখা যায়। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি আক্কাস আলী জানান, পাঁচ মেট্রিক টন মরিচ সৌদি আরবে পাঠানোর জন্য প্যাকেটজাত করা হচ্ছে। সৌদি আরব ছাড়াও, কাতার, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাঁরা কাঁচা মরিচ রপ্তানি করে থাকেন। তবে মাঝেমধ্যে বিমানের শিডিউল বিপর্যয় এবং বিমানে স্থানসংকুলানের কারণে কাঁচা মরিচ রপ্তানিতে ব্যাঘাত ঘটছে।
ঘিওর উপজেলার মাইলাগী গ্রামের মরিচচাষি সোরহাব মোল্লা, হরিরামপুরের বাল্লা গ্রামের আশরাফ হোসেন এবং শিবালয়ের শিমুলিয়া গ্রামে আমজাদ শেখ জানান, গাছ থেকে মরিচ না তুললে গাছ মারা যায়। এ কারণে লোকসান হলেও গাছ থেকে মরিচ তুলে বিক্রি করা হচ্ছে। দুই সপ্তাহ পর মরিচের দাম বাড়লে এই ক্ষতি কিছুটা পূরণ হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
চাষিরা জানান, বাম্পার ফলন হলেও এসব মরিচ সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় লোকসান দিয়েই বিক্রি করতে হচ্ছে। সরকারিভাবে হিমাগার নির্মাণের দাবি জানান চাষিরা।
এ ব্যাপারে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান বলেন, এবার সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় মরিচের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় চাহিদা কমে গেছে। সংরক্ষণের জন্য হিমাগারের ব্যবস্থা থাকলে চাষিদের এই সমস্যায় পড়তে হতো না।