উৎপাদন ভালো হওয়ায় বগুড়ায় পাটচাষিরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এ বছর পাটের আবাদ ভালো হয়েছে। বিশেষ করে, যমুনা নদীতীরবর্তী এলাকাগুলোতে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশি। কিন্তু দাম আশানুরূপ না হওয়ায় অনেক চাষি এখনই পাট বিক্রি করছেন না, পরে বিক্রির জন্য রেখে দিচ্ছেন। গতকাল মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা সদর হাটে গিয়ে দেখা গেছে, হাটে প্রচুর পাট উঠেছে। উপজেলার চরবাটিয়া গ্রামের ফকির মাহমুদ জানান, এ বছর তিনি ১৪ বিঘা জমিতে পাট চাষ করে প্রতি বিঘায় আট মণ করে পাট পেয়েছেন। সেই পাট হাটে এখন প্রতিমণ বিক্রি করছেন এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায়। নতুন অবস্থায় মোটামুটি লাভ থাকছে। তবে গত বছর এই সময়ে আরও বেশি লাভ হয়েছিল। শিমুলতাইড় গ্রামের চাষি জালাল উদ্দিন বলেন, প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ছয় হাজার টাকা। তিন বিঘায় ২৭ মণ পাট পেয়েছেন। এক হাজার ৭৩০ টাকা মণ বিক্রি করেছেন। চরঘাগুয়া গ্রামের আছর উদ্দিন বলেন, এবার তিন বিঘা জমিতে পাট চাষ করে ২৫ হাজার টাকা লাভ করেছেন। নারচী এলাকার আবেদ আলী, আকরাম হোসেন ও ছমির উদ্দিন জানান, এবার তাঁরা পাটের ভালো ফলন পেয়েছেন। মানও ভালো। বাজারে এখন যে দাম উঠেছে, তাতেই তাঁরা খুশি। শুধু সারিয়াকান্দি নয়, বগুড়ার ধুনট, সোনাতলা, গাবতলী ও শেরপুরের প্রধান হাটগুলোতে প্রচুর পাটের আমদানি হচ্ছে। বেসরকারি পাটকলগুলোর লোকজন এসব পাট কিনছে। পাটের কদর আগের তুলনায় অনেক বেড়েছে। বগুড়ায় গত কয়েক বছরে ১২টি ছোট পাটকল হয়েছে। এসব ছোট পাটকলে বিপুল পাটের প্রয়োজন হয়। তারা এখন থেকেই পাট কিনতে শুরু করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ২১ হাজার ৬৯৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ হয়েছে। এতে উৎপাদিত হবে দুই লাখ ৩৪ হাজার ৬৪১ বেল। জেলার মোট লক্ষ্যমাত্রার মধ্যে তোষা পাট চাষ হয়েছে ২০ হাজার ২১৪ হেক্টর জমিতে। জেলায় যে লক্ষ্যমাত্রা, তার বেশির ভাগ পাট চাষ হয়ে থাকে পূর্ব বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায়। সারিয়াকান্দি উপজেলায় এ বছর পাট চাষ হয়েছে ছয় হাজার ৬৫০ হেক্টরে, ধুনটে চার হাজার ৫৫৫ হেক্টর ও সোনাতলা উপজেলায় তিন হাজার ১০০ হেক্টর জমিতে।এ ব্যাপারে বগুড়া কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম হোসেন জানান, বগুড়ায় এবার পাটের ফলন ভালোই হয়েছে। পাটের মানের উন্নয়ন ঘটেছে। অনেকে রিবন ব্যবহার করে পাট খোলার ব্যবস্থা করেছে। এ কারণে পাটের মান ভালো হচ্ছে। চাষিরা এবার ভালো দামও পাচ্ছেন।