উৎপাদনক্ষমতা চাহিদার কাছাকাছি সংকট জ্বালানিস্বল্পতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির দাবি করেছেন, বিদ্যুৎ উৎপাদনক্ষমতা দেশের চাহিদা মেটানোর কাছাকাছি চলে গেছে। কিন্তু জ্বালানি সমস্যার কারণে উৎপাদন কম হচ্ছে। এর মধ্যে গ্যাসস্বল্পতার কারণে উৎপাদন কমেছে প্রায় ৮০০ মেগাওয়াট।গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় আলমগীর কবির এ দাবি করেন। তিনি বলেন, লোডশেডিং ৮০০ মেগাওয়াটের মধ্যে সীমিত রাখা সম্ভব হবে। তবে দু-এক দিন এক হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে।মতবিনিময় সভায় পিডিবির চেয়ারম্যান দেশে বিদ্যুৎ উৎপাদনের যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যায়, এখন উৎপাদনক্ষমতা আট হাজার পাঁচ মেগাওয়াট। আর এ বছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হবে সাড়ে সাত হাজার মেগাওয়াট। কিন্তু জ্বালানি সমস্যার কারণে এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন পাঁচ হাজার ৫৬৯ মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হয়নি (শুধু ১৬ মার্চ ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে)।বিদ্যুৎ খাতের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে এ খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করতে কোনো কোনো মিডিয়া কার্পণ্য করছে। বিশেষ করে কোনো কোনো পত্রিকার ভূমিকা এ ক্ষেত্রে ‘যাকে দেখতে নারি তাঁর চলন বাঁকা’র মতো। তৌফিক-ই-ইলাহী চৌধুরী দাবি করেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে যত কাজ হয়েছে ও হচ্ছে অতীতে কখনোই তা হয়নি। এই সময়ের মধ্যে ২১ লাখ নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। এসব কথা গণমাধ্যমকর্মীদের বোঝানো যায় না।সভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিসংকট, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্রে জ্বালানি ব্যবহার বেশি হওয়া, বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে তাঁরা এই খাতের জন্য দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দেন। বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।