উৎপাদনশীলতা দিবস পালন
বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে গতকাল রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী চেম্বার ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। বক্তব্য দেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, বিসিক নীলফামারীর সহকারী মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান, দারোয়ানী টেক্সটাইল মিলের প্রশাসনিক কর্মকর্তা শামসুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় এসব কর্মসূচি হয়।
গাইবান্ধা: জেলা শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে গতকাল আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্প ও বণিক সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির। আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, গাইবান্ধা বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার ব্যবস্থাপক সোলায়মান আলী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সালাম, বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি লতিফ হক্কানি প্রমুখ। এর আগে পৌর পার্কের বিজয়স্তম্ভ থেকে শোভাযাত্রা বের হয়।
পঞ্চগড়: সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। সেখানে সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল আলম পাটোয়ারি, বণিক সমিতির সভাপতি আবদুল আলীম খান।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা ভূমি কার্যালয়ে শেষ হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা কলেজের অধ্যক্ষ বিভূতি কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।