উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করেছেন। গতকাল রোববার রূপসী বাংলা হোটেলে উৎপাদনশীলতা আন্দোলনের ওপর এক সেমিনার উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। খবর বাসসের।সেমিনারে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অনুষ্ঠান থেকে আমি উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করছি এবং আশা করি সবাইকে এই আন্দোলনে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং এপিও সোসাইটি ফর বাংলাদেশ যৌথভাবে ‘মাল্টি-লেটারেল কনফারেন্স অন প্রোডাকটিভিটি মুভমেন্ট ইন বাংলাদেশ: স্ট্র্যাটেজি ফর-২০২১’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে শেখ হাসিনা বলেন, একক প্রচেষ্টায় উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এ ব্যাপারে সরকার, মালিক, শ্রমিকসহ দেশের রাজনীতিবিদ, পরিকল্পনাবিদ, গবেষক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি উৎপাদনশীলতা উন্নয়ন কর্মসূচিকে জাতীয় আন্দোলনে রূপদানের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবছর ২ অক্টোবর উৎপাদনশীলতা দিবস পালন করার ঘোষণা দেন। এ ছাড়া তিনি এ আন্দোলনকে আরও বেগবান করার জন্য প্রতিবছর শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জাতীয়ভাবে ‘প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি’ পদক দেওয়ার কথা জানান।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শিল্পসচিব এ এইচ মাসুদ সিদ্দিকী এবং এশিয়ান প্রডাকটিভিটি অর্গানাইজেশনের মহাসচিব রিচিরো ইয়ামাজাকি বক্তৃতা করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন।