উৎপাদনে ঘাটতি নেই, তবু বিদ্যুতের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে না। তারপরও সর্বত্র বিদ্যুতের জন্য হাহাকার। গরমে কাহিল নগরবাসী। গত মে মাস থেকে চট্টগ্রাম মহানগরজুড়ে এই চিত্র দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতরণ লাইনে ত্রুটির কারণে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট ঘটছে। এই ত্রুটির কারণে সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলো চাপ নিতে পারছে না। এর ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। ২০১৮ সালের আগে এ অবস্থার উন্নতি হবে না বলে খোদ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যুৎ যাওয়া-আসার সমস্যা চোখে পড়েছে। বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদের বিভিন্ন ভবনের নিচে বিকট শব্দে চলছিল জেনারেটর। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সরওয়ার হাসান জামিল বলছিলেন, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৩০-৪০ ভাগ সময়েই বিদ্যুৎ থাকে না। প্রতিদিন ১০-১৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। লো-ভোল্টেজও একটা সমস্যা। এসব কারণে প্রায়ই সিঁড়ি মাড়িয়ে ছয়তলা পর্যন্ত উঠতে হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও থাকে বন্ধ। অনেক কষ্টে কাজ করতে হয়।
আগ্রাবাদের মতো নগরের সুগন্ধা, নাসিরাবাদ, হালিশহর, বাকলিয়াসহ আরও কয়েকটি এলাকায় একই চিত্র দেখা গেছে। ক্ষোভ প্রকাশ করে হালিশহরের বাসিন্দা আরাফাত হোসেন বলেন, ‘নিরবচ্ছিন্নভাবে এক-দেড় ঘণ্টার বেশি বিদ্যুৎ আমরা পাই না।’
পিডিবি সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) বিদ্যুতের গড় চাহিদা ৮০০ মেগাওয়াট। এর মধ্যে চট্টগ্রাম নগরেই চাহিদা ৬০০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী উৎপাদন কম হচ্ছে না। গত ১৪ এপ্রিল চট্টগ্রামে এক হাজার ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। কিন্তু বিতরণ লাইনে ত্রুটির কারণে সর্বত্র বিদ্যুৎ-বিভ্রাট ঘটছে।

বিতরণ লাইনে ত্রুটির কারণে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট ঘটছে। এই ত্রুটির কারণে সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলো চাপ নিতে পারছে না। এর ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে

পিডিবির দায়িত্বশীল একাধিক প্রকৌশলী জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি নেই। বিতরণ লাইনে ত্রুটির কারণে সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলো চাপ নিতে পারছে না। সর্বশেষ ২০০৮ সালে বিতরণ লাইন সংস্কার করা হয়। এ কারণে বিতরণ লাইনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। সমস্যা হচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়।
পিডিবি সূত্রে জানা যায়, বিতরণ লাইন সংস্কারের জন্য ১ হাজার ৯৯ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের কাজ আগামী অক্টোবর-নভেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ২০১৮ সালের জুনে। এরপর সুফল পাবেন চট্টগ্রামবাসী।
পিডিবি সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে ৩৩ কেভির ১ হাজার ২৯৩ কিলোমিটার, ১১ কেভির ৩ হাজার ৪১ কিলোমিটার এবং ১১ দশমিক শূন্য ৪ কেভির ৩ হাজার ৭১৯ কিলোমিটার বিতরণ ও সঞ্চালন লাইন রয়েছে। প্রায় সাড়ে চার হাজার ট্রান্সফরমারের মাধ্যমে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চট্টগ্রাম অঞ্চলে গ্রাহকের সংখ্যা সাড়ে সাত লাখ। বিতরণ লাইনে ত্রুটির কারণে ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটছে কিংবা আপনা-আপনি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। ফলে বিদ্যুৎ-বিভ্রাটও ঘটছে।
পিডিবির প্রকৌশলীরা জানান, নতুন প্রকল্পের আওতায় ৩৩ কেভির ১৬৩ কিলোমিটার নতুন লাইন ও ২৬৭ কিলোমিটার পুরোনো লাইনের সংস্কার হবে। একইভাবে ১১ কেভির ৩০০ কিলোমিটার নতুন লাইন স্থাপন ও পুরোনো ৩০০ কিলোমিটার নবায়ন হবে। আর ১১ দশমিক শূন্য ৪ কেভির ৩০০ কিলোমিটার লাইন স্থাপন ও ৩০০ কিলোমিটার পুরোনো লাইন নবায়ন প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া দেড় হাজার নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।
জানতে চাইলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের উপপরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার দে বলেন, ‘আমাদের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি নেই। তবে বিতরণ ব্যবস্থায় ত্রুটির কারণে গ্রাহকেরা সমস্যায় আছেন।’ তিনি বলেন, ‘অক্টোবর-নভেম্বর থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে। ২০১৮ সালের মধ্যে চট্টগ্রামবাসী বিদ্যুৎ-বিভ্রাট থেকে মুক্তি পাবেন। তবে কিছু এলাকায় আগামী এক বছরেই উন্নতি ঘটবে।’