বীজ সমস্যা ও বৈরী আবহাওয়ার কারণে বরগুনার আমতলী উপজেলায় এবার তরমুজের ফলন ভালো হয়নি। এ ছাড়া বাজারে তেমন চাহিদা না থাকায় উৎপাদিত তরমুজের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। এর ফলে কয়েক হাজার তরমুজচাষি মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আমতলী কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর এই উপজেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৫০০ হেক্টর জমি। চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ফলন ভালো হয়নি। উপজেলার আঠারগাছিয়া, হলদিয়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে তরমুজের চাষ হয়েছে। এসব এলাকায় এবার চাষিরা বিগ ফ্যামিলি, বাংলালিংক, জাম্ভু ও জাগুড়া জাতের তরমুজের চাষ করেছেন। কিন্তু বীজে সমস্যা থাকায় ফলন তেমন ভালো হয়নি। যা-ও হয়েছে তা আবার গত কয়েক দিনের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
চাষি সূত্র জানায়, আকারে ছোট হওয়ায় এবার তরমুজের চাহিদা অনেক কম। প্রতিবছর চৈত্র মাসের মাঝামাঝি তরমুজ কাটা শুরু হয়। এ তরমুজ স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মহাজনদের কাছে অথবা সরাসরি চাষিরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। কিন্তু তরমুজের ফলন খারাপ এবং আকারে ছোট হওয়ায় এবার দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখানে আসছেন না এবং স্থানীয় বাজারে তরমুজের চাহিদাও কম। এ ছাড়া পরিবহন খরচ না ওঠার আশঙ্কায় চাষিরা দেশের বিভিন্ন স্থানে তরমুজ নিয়ে যাচ্ছেন না। এর ফলে তাঁরা (চাষি) স্থানীয় বাজারে পানির দামে তরমুজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
গত বুধবার আমতলী বাজার ঘুরে দেখা গেছে, বড় জাতের বাংলালিংক তরমুজ ৭০-৮০ এবং মাঝারি আকারের তরমুজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। অনেক কৃষক তরমুজ নিয়ে বসে আছেন, কোনো ক্রেতা পাচ্ছেন না। চন্দ্রা গ্রামের কৃষক দুলাল মোল্লা বলেন, ‘তরমুজ নিয়ে বাজারে এসেছি, কোনো ক্রেতা পাচ্ছি না।’ সোনাখালী গ্রামের রাজ্জাক মৃধা জানান, ১০ লাখ টাকা ব্যয় করে তিনি এবার ৩৬ একর জমিতে তরমুজ চাষ করেছেন। কিন্তু আকার ছোট হওয়ায় পাইকারদের তেমন আগ্রহ নেই। এ বছর যে ফলন হয়েছে তাতে লাভ তো দূরের কথা, চাষের টাকাই উঠবে না।
উত্তর সোনাখালী গ্রামের নাসির মিয়া জানান, সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে ২১ একর জমিতে এ বছর তরমুজ চাষ করেছেন। এখন পর্যন্ত একটি তরমুজও বিক্রি করতে পারেননি। তরমুজের যে চাহিদা তাতে ২ লাখ টাকাও বিক্রি করতে পারবেন না বলে তিনি মনে করেন।
রাওঘা গ্রামের হাজী পেয়াদা নামের আরেক কৃষক বলেন, ‘১ একর জমিতে তরমুজ চাষে ১৪ হাজার টাকা ব্যয় করেছি। বিক্রি করে ৮ হাজার টাকা পেয়েছি।’ কৃষক আবুল কালাম জানান, তরমুজচাষিরা এবার সর্বস্বহারা হয়ে গেছেন। অনেক চাষির দেনার দায়ে এলাকা থেকে পালিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
আমতলী উপজেলার গাজীপুর বাজারের সোহেল ট্রান্সপোর্টের মালিক সোহেল মিয়া বলেন, ‘গত বছর ১৬৮টি ট্রলারে করে এ এলাকার তরমুজ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছি কিন্তু এ বছর এখন পর্যন্ত একটি ট্রলারও পাঠাতে পারিনি।’ তিনি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে যে মহাজনরা তরমুজ কিনতে আসতেন এ বছর বাজারে তরমুজের চাহিদা না থাকায় তাঁরা আসছেন না।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, ‘বীজের সমস্যার কারণে এবার ফলন ভালো হয়নি। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আকারে ছোট হওয়ায় পাইকারদের কাছে এ অঞ্চলের তরমুজের এবার চাহিদা কম। এ জন্য কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।’