উৎপাদনে যেতে পারছে না নতুন বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলক উৎপাদনের সময় শেষ হলেও রাজশাহীর কাঁটাখালিতে নির্মিত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নর্দান পাওয়ার সলিউশন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারছে না। গত বছর ২৩ এপ্রিল তাদের উৎপাদনে যাওয়ার কথা ছিল। এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে রাজশাহীতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে তৎকালীন সরকার ৩৫ একর জমির ওপর কাটাখালিতে একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করে। তখন তিনটি ইউনিটে ১ দশমিক ১৮ মেগাওয়াট ও অপর তিনটি ইউনিটে দশমিক ৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হতো। ১৯৯৯ সালে ইউনিটপ্রতি বিদ্যুতের উৎপাদন খরচ এতই বেশি পড়তে থাকে যে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিতে বাধ্য হয়। এই উপকেন্দ্রের ভেতরেই আওয়ামী লীগের দলীয় সাংসদ এনামুল হকের মালিকানাধীন নর্দান পাওয়ার সলিউশন ভাড়াভিত্তিক কেন্দ্রটি নির্মাণ করেছে। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর তারা কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। এখান থেকে প্রতি একক কিনতে সরকারের খরচ পড়বে ১৭ টাকা ২৩ পয়সা। এটি চলবে ফার্নেস তেল দিয়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ এপ্রিল এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানটি কাজ শেষ করতে পারেনি। এ জন্য প্রতি মাসে তাদের প্রায় ছয় কোটি টাকা জরিমানা দেওয়ার কথা। গত ২০ ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যায়। শুরুর মাত্র ১২ ঘণ্টার মাথায় এর একটি জেনারেটর পুড়ে যায়। তারা এখনো ওই জেনারেটরটি প্রতিস্থাপন করতে পারেনি। এখন পিডিবি কিছু তেল দিয়ে তার বিনিময়ে উৎপাদিত বিদ্যুৎ নিচ্ছে। পিডিবির হিসাব মতে, গত ১৩ মার্চ পর্যন্ত তারা জাতীয় গ্রিডে তিন হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ করেছে। এদিকে শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী নগরে অসহনীয় মাত্রায় লোডশেডিং শুরু হয়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহীতে বিদ্যুৎকেন্দ্র হলে এই এলাকায় লোডশেডিং থাকবে না—বিভিন্ন সময় সরকারি দলের নেতা-নেত্রীরা এ ধরনের বক্তব্য দিয়ে আসছেন। এখন দেখা যাচ্ছে লোডশেডিং আরও বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক পিডিবি-রাজশাহী-২-এর নির্বাহী প্রকৌশলী সাব্বির সুলতান বলেন, পরীক্ষামূলক সময়ে তাঁরা ঘণ্টায় ৪১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিতে পেরেছেন। তবে পরীক্ষমূলক উৎপাদনের সময় শেষ হয়ে গেছে। এখন চুক্তি অনুযায়ী তাঁরা আর তেলের বিনিময়ে বিদ্যুৎ উৎপাদন নাও করতে পারেন। কবে নাগাদ তাঁরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেন জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, রাজশাহীতে বিদ্যুৎকেন্দ্র চালু হলেই যে লোডশেডিং থাকবে না তা নয়, তবে লো ভোল্টেজের কারণে যন্ত্রপাতি নষ্ট হবে না। জরিমানার টাকা পরবর্তীতে কাটা হবে বলে জানান তিনি।