উৎপাদনের ক্ষমতা অর্জনের দাবি প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের যে দাবি করছে, তাকে প্রতারণা বলে দাবি করেছে তেল-গ্যাস-খনিজ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গত মঙ্গলবার এ অর্জনের জন্য উদ্যাপিত ‘আলোক উৎসব’কে ‘মিথ্যার উৎসব’ বলে অভিহিত করেছে কমিটি। সেই উৎসবের দিনও ঢাকা লোডশেডিংমুক্ত হয়নি বলে দাবি করেন বক্তারা।

গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে ‘সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও সরকারি অপপ্রচার বন্ধের দাবিতে’ আয়োজিত এক প্রতিবাদ সমাবশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশে মূল বক্তব্যে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সরকারের দেওয়া ১০ হাজার মেগাওয়াটের হিসাবে ফাঁকি আছে। কারিগরি ত্রুটির জন্য অন্তত দুই হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে না।

তিনি বলেন, গত মঙ্গলবার আসলে পাঁচ হাজার ১০০ মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। তিনি অভিযোগ করেন, এ সক্ষমতা অর্জন করা সম্ভব হলেও বিদ্যুৎ ক্ষেত্রকে দেশ-বিদেশি গোষ্ঠীর ব্যবসার ক্ষেত্রে পরিণত করার কারণেই এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

আনু মুহাম্মদ বলেন, দেশে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দুই দল। কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ফুলবাড়ী কয়লাখনির মতো দেশের স্বার্থবিরোধী প্রকল্পে সায় দিয়ে জনগণের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে এ দুই দলের কোনো বিরোধ নেই।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপনের সমালোচনা করে তিনি বলেন, এ সিদ্ধান্ত বাতিল না করলে তা বর্তমান সরকারের কপালে কলঙ্ক হয়ে থাকবে। তিনি রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র ভারতের কোনো জায়গায় করার প্রস্তাব দেন।
সমাবেশের সভাপতি কমিটির আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প হলে ভারতের লাভ হবে এক লাখ ৪০ হাজার কোটি টাকা। পক্ষান্তরে বাংলাদেশের ক্ষতি হবে চার লাখ কোটি টাকা।
কমিটির সংগঠক রুহিন হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাইফুল হক, বজলুর রশীদ, জোনায়েদ সাকীসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা।
সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।