উৎপাদনের তুলনায় সংগ্রহ কম, কৃষকেরা অসন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে নওগাঁর কৃষকদের কাছ থেকে ৫ হাজার ৫২৮ টন ধান এবং চালকল মালিকদের কাছ থেকে ৬৩ হাজার ৯৪৯ টন চাল কেনা হবে বলে জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।
কিন্তু জেলায় যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে সে তুলনায় সরকারের এই ধান-চাল সংগ্রহের পরিমাণ খুবই কম বলে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। এ ছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত কৃষকেরা খাদ্যগুদামে কতটুকু ধান-চাল দিতে পারবেন তা নিয়েও আছে সংশয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এবার প্রায় আট লাখ টন ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু সরকার এখান থেকে নেবে মাত্র ৫ হাজার ৫২৮ টন ধান। কৃষকদের মতে, সরাসরি সরকারি খাদ্যগুদামে ধান দিতে পারলে তাঁদের লাভ হতো। কারণ, সরকার মণপ্রতি ৮৮০ টাকা দরে ধান কিনলেও ধান ব্যবসায়ীরা কিনছেন ৬৩০ থেকে ৬৮০ টাকা দরে। কিন্তু সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কম হওয়ায় লোকসানেই ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের কৃষক রাজু আহমেদ বলেন, ‘সরকারিভাবে প্রতিবার যে পরিমাণ ধান কেনা হয়, তা আমরা জানার আগেই সংগ্রহ অভিযান শেষ হয়ে যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা কৃষকদের আগে ধান-চাল সংগ্রহের খবর জানতে পেরে খাদ্যগুদামে ধান দিয়ে আসবেন।’
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রম ১৭ মে থেকে শুরুর সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত ধান সংগ্রহ শুরু হয়নি। এখন চালকল মালিকদের সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ চলছে। এ কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ শুরু হবে।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ২২ টাকা কেজি দরে ধান এবং চালকল মালিকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের ভিত্তিতে জেলার চালকল মালিকদের সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ চলছে। ৩১ মে পর্যন্ত এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া চলবে।