
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের তরুণ জনগোষ্ঠীর জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ, তাঁর মতে নাগরিকত্বসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর ভবিষ্যতের অনিশ্চয়তার সুযোগ কাজে লাগিয়ে আশপাশের মন্দ লোকজন তাদের বিভ্রান্ত করতে পারে।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, রোহিঙ্গা সমস্যার উৎস যেহেতু মিয়ানমারে, সমাধানটাও সেখানেই। রাখাইন রাজ্যের সংখ্যালঘু ওই জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিত করে তাদের মাতৃভূমিতে ফেরা নিশ্চিত করতে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
ফিলিপ্পো গ্রান্ডি মিয়ানমার ও থাইল্যান্ড সফর শেষে গত শনিবার বাংলাদেশে আসেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া সরেজমিনে রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে তিনি গতকাল সকালে কক্সবাজারের কুতুপালংয়ে শরণার্থী শিবির এবং এর পাশের অস্থায়ী শিবিরে লোকজনের সঙ্গে কথা বলেন।
কুতুপালংয়ের অভিজ্ঞতা তুলে ধরে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘আমি সেখানে অনেক তরুণ-তরুণীর সঙ্গে কথা বলেছি। তাঁদের সবাই বলেছেন, উন্নত ভবিষ্যৎ দিন। তাঁরা অন্য কিছু চাননি। আমরা যদি তাঁদের উন্নত ভবিষ্যৎ দিতে না পারি, তা স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক নয়। কারণ, তাঁদের আশপাশে থাকা অনেক মন্দ লোক পরিস্থিতির সুযোগ নিতে পারে। কাজেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব লোকের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে।’ রোহিঙ্গা শরণার্থী সমস্যার টেকসই সমাধানের জন্য মিয়ানমারে তাদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর ও সহজ করার কথাও বলেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গাদের পরিস্থিতিকে অত্যন্ত দুর্বিষহ আখ্যায়িত করে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বলেন, ওই জনগোষ্ঠীর চলাচলের, জড়ো হওয়ার, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নেই। কাজের সুযোগ নেই। সেখানে দারিদ্র্য চরম আকার ধারণ করেছে। পুষ্টিহীনতার পাশাপাশি মাতৃমৃত্যুহার বৃদ্ধি কোনোভাবেই ভালো কিছুর ইঙ্গিত দেয় না।
ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক—এই দুই শ্রেণিতে রাখাইনের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভাগাভাগির বিরোধিতা করেন। তিনি বলেন, ‘কক্সবাজারে আমাকে বলা হচ্ছিল, এরা নিবন্ধিত আর অনিবন্ধিত। নিবন্ধিত, অনিবন্ধিত যেটাই হোক না কেন, চরম বঞ্চনা, মানবাধিকার লঙ্ঘন আর সংঘাত—এসব লোককে তাদের স্বদেশ ছাড়তে বাধ্য করেছে। জরুরি ভিত্তিতে এসব লোকের সুরক্ষা আর সমর্থন দরকার। মিয়ানমারের এসব লোকের জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, তাদের স্বেচ্ছায়, শান্তিপূর্ণভাবে, নিরাপদে স্বদেশে ফিরতে সহায়ক পরিবেশ তৈরি করা। সেই ফেরাটা যেন অতীতের মতো দেশে ফেরার কয়েক বছরের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হতে না হয়।’ মিয়ানমারের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রের চাপ
রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মিয়ানমারে তিন সদস্যের একটি দল পাঠাতে চায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। তবে তাদের ঢুকতে দিচ্ছে না মিয়ানমার কর্তৃপক্ষ। এই অবস্থায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারের কর্তৃপক্ষের উচিত দলটিকে ঢুকতে দেওয়া। কেননা, সেখানে যা ঘটছে আন্তর্জাতিক সম্প্রদায় তা উপেক্ষা করতে পারে না।