রংবেরঙের পোষা পাখির প্রদর্শনী

গাঢ় লাল আর হলুদ পাখিটি খুব চঞ্চল। বাদামি রঙের পাখিটিকে বারবার ডিঙিয়ে সে খুব মজা পাচ্ছে। এপাশ-ওপাশ করেও শান্তি পাচ্ছে না বাদামি পাখিটি। এরা দুটিই ফিজেন্ট প্রজাতির। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বিদেশি পোষা পাখি প্রদর্শনী’তে এদের আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী আজ শুক্রবার শেষ হবে। চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এভিকালচার সোসাইটি অব বাংলাদেশ সপ্তমবারের মতো এর আয়োজন করেছে।
পাখির কিচিরমিচিরে সরব মিলনায়তন। সঙ্গে আছে ম্যাকাওয়ের তীক্ষ্ণ চিৎকার। পাখিপ্রেমীদের ভিড়ও অনেক। নীল-হলুদ ম্যাকাও ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি। তবে উৎসুক দর্শকদের পাত্তা না দিয়ে আপেল খেতেই মগ্ন দেখা গেল ম্যাকাওটিকে। ছোট্ট লারিসা কিয়ানা মায়ের সঙ্গে পাখি দেখতে এসেছে। লারিসা বলল, ‘ওই যে টোপর মাথায় পাখি, ওটা ভালো লেগেছে।’ লারিসার মা পাপিয়া আকতার বলেন, তিনি নিজেও পাখি পোষেন। এখানে অনেক পাখি দেখার সুযোগ, তাই মেয়েকে নিয়ে এসেছেন।
এবার ২০০ প্রজাতির পাঁচ শর বেশি পাখির প্রদর্শনী হচ্ছে। সবচেয়ে বেশি আছে ‘লাভ বার্ড’ ও ‘বাজরিগার’। এ ছাড়া আছে ফিজেন্ট, ম্যাকাও, লরি, ককাটেলেরও বিভিন্ন প্রকরণ। প্রতিটি খাঁচার সামনেই স্বেচ্ছাসেবক আছেন। পাখি দেখভালসহ দর্শনার্থীদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা।
মোহাম্মদ আলমাস অনেক বছর ধরেই পাখি পোষেন। সংগ্রহে ২০০ পাখি আছে। তিনিই এনেছেন প্রদর্শনীর ম্যাকাওগুলো। এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে আনা পাঁচ বছর বয়সী ‘ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন’ নামে দুর্লভ একটি কবুতরের জাত দেখালেন। দেখতে অনেকটা দেশি জালালি কবুতরের মতো। তবে আকারে বেশ বড়। মাথায় সুন্দর একটি টোপর আছে।
এভিকালচার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমজাদ চৌধুরী বলেন, ‘পাখি পোষা মানুষের চিরন্তন শখ। কিন্তু আমরা চাই বনের পাখি বনেই থাকুক। যে পাখি খাঁচায় জন্মে ও বড় হয়, আমরা সেগুলোই পুষি।’ তিনি জানালেন, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল ছাড়াও বিভিন্ন দেশের পাখি আছে প্রদর্শনীতে। অনেক বিদেশি পাখি এখন দেশেই জন্মাচ্ছে। তাঁদের প্রদর্শনীতে কোনো বন্য পাখি নেই। সব বিদেশি পাখি। সংগঠনের প্রায় ২০ জন সদস্য এবারের মেলায় অংশ নিয়েছেন।
প্রদর্শনীতে পাখি পালনসহ নানান পাখির পরিচিতি নিয়ে বইও বিক্রি হচ্ছে। তবে পাখি বিক্রি হচ্ছে না। কেউ কিনতে আগ্রহী হলে প্রদর্শনীর পরে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।