উৎসব-আনন্দে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে শৌখিন মাছশিকারিরা পৌরসভার দিঘিতে বড়শি দিয়ে মাছ শিকার করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ে শৌখিন মাছশিকারিরা পৌরসভার দিঘিতে বড়শি দিয়ে মাছ শিকার করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

শৌখিন মাছশিকারিদের জন্য গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের পৌরসভা দিঘিতে ছিপ-বড়শি দিয়ে মাছ শিকারের উৎসব শুরু হয়েছে। মাছ শিকারের মধ্য দিয়ে বিনোদনের ব্যবস্থা করতেই সৌখিন ম্যৎস শিকারী সমিতি প্রতিবছর এ উৎসবের আয়োজন করে। বিনোদনের জন্য আয়োজন হলেও আশানুরূপ মাছ শিকার করতে না পেরে হতাশাও হয়েছেন অনেকে।
ঠাকুরগাঁও সৌখিন মৎস্য শিকারী সমিতি সূত্রে জানা গেছে, ২৮ বছর ধরে সমিতির আয়োজনে ঠাকুরগাঁওয়ে এ দিঘিতে চলছে ছিপ-বড়শিতে মাছ শিকার উৎসব। শুরু হয়েছিল মো. মহসিন, জাহাঙ্গীর আলম, আবদুস সালাম, কামাল হোসেনসহ ৯ থেকে ১০ জন সদস্যের হাত ধরে। পরে তা উৎসবে পরিণত হয়। মাছ ধরার এ উৎসব গতকাল শুরু হয়। চলবে টানা চার থেকে ছয় সপ্তাহ, প্রতি শুক্রবার। সমিতি পৌরসভার পুকুর বন্দোবস্ত নিয়ে প্রতিবছর সদস্যদের মধ্যেই মাছ শিকার উৎসবের আয়োজন করে। মাছ শিকারের জন্য বসার আসনটি নির্ধারিত হয় লটারির মাধ্যমে।
সমিতির সদস্য মো. জাকারিয়া প্রামাণিক বলেন, প্রতিবছর ২০০ টাকার বিনিময়ে সদস্যপদ নবায়ন করতে হয়। তবে নতুন কোনো সদস্য গ্রহণ করা হয় না। সদস্য চাইলে তাঁর সদস্যপদ হস্তান্তর করতে পারেন। ৩ হাজার ২০০ টাকার বিনিময়ে একজন সদস্য দুটি ছিপের মাধ্যমে প্রতি শুক্রবার ভোর ছয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাছ শিকার করতে পারেন।
বেলা সাড়ে ১১টার দিকে শৌখিন মাছশিকারি আবুল হোসেনের ছিপে একটি বালিয়া মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৫০ গ্রামের মতো। তিনি তাতেই খুশি। পাশের আসনে বসা মাইনউদ্দিনের ছিপে ধরা পড়ে ৩০০ গ্রাম ওজনের একটি আইড় মাছ। তা দেখতে অনেকেই ভিড় জমায়।
মাছ শিকার করতে এসে ফারুক হোসেন বলেন, দিঘির পশ্চিম পাশের কয়েকজন মাছশিকারির ছিপে দু-একটি করে রুই ও সিলভার কার্প মাছ ধরা দিলেও দিঘির পূর্ব পাশের শিকারিরা একেবারই হতাশ হয়েছেন। অনেকেই ফিরে গেছেন খালি হাতে।