উৎসব আনন্দে শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট হাইস্কুলের শতবর্ষ পূর্তি উৎসব। দুই দিনের এই উৎসব শনিবার রাতে শেষ হয়।উৎসবের প্রথম দিন শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রহ ও নক্ষত্রবিষয়ক প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন প্রমুখ বক্তব্য দেন। মফিজ উদ্দিন বলেন, ‘এই বিদ্যালয় আমার জ্ঞানের দরজা খুলে দিয়েছিল।’ তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং হাতিয়ায় বিজ্ঞানবিষয়ক যেকোনো কার্যক্রমে তিনি সহযোগিতায় আগ্রহী। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিওর মাধ্যমে গ্রহ-নক্ষত্র প্রদর্শনী শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাত আটটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম বেতার, টেলিভিশন ও মঞ্চশিল্পী আকতার হোসেন, সুবর্ণা রহমান, মারিয়া ও ডেইজি সংগীত পরিবশেন করেন। সব শেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া ও তাঁর দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ অনুষ্ঠানে এসে আমি কৃতজ্ঞ।’ তিনি এই বিদ্যাপীঠের সাফল্য ধরে রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিদ্যালয় পর্ষদের সভাপতি আলাউদ্দিন আজাদের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান শিক্ষক শিহাব উদ্দিন হাওলাদার, হায়াত হোসেন, আনোয়ারুল হক, নুরুল আলম, রফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন: স্কুলটির উদ্যোক্তা আমির আলী, প্রধান শিক্ষক আবদুল মোতালেব, শিক্ষক মোছায়েফ উদ্দিন আহাম্মদ, প্রাথমিক শিক্ষক মেজবাহুল হোসেন ভূঁঞা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, রাজনীতিক আমিরুল ইসলাম কালাম ও দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শহীদ মোস্তফা আলী, ফুয়াদ পাশা ও আমির হোসেন মাস্টার।এ ছাড়া হাতিয়া জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম ও হাতিয়া দ্বীপ সমিতি ঢাকাকে সম্মাননা দেওয়া হয়।বিদ্যালয়ের ২০১১ সালের জিপিএ-৫ পাওয়া জয়নব বিনতে মরিয়ম, সোহেল রানা, ফাতেমা বেগম ও পুনম রানীকে পুরস্কৃত করা হয়। চট্টগ্রামের ব্যবসায়ী জসিম উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের তহবিলে এক লাখ টাকা দেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উৎসব শেষ হয়। দিনব্যাপী আয়োজনের সঞ্চালক ছিলেন অধ্যাপক আশরাফ উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন এ কে এম হেলাল উদ্দিন, মাছুমা আক্তার ও লাইজু শাহীন।