উৎসব আর আনন্দে বড়দিন উদ্যাপন

বড়দিন উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জের ১৮ গ্রামে গতকাল রোববার আনন্দ-উৎসবে মেতেছিল খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। ১৮ গ্রামের পাঁচটি গির্জায় ব্যাপক লোকসমাগম হয়। নারায়ণগঞ্জে বিশ্বময় শান্তির প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা।
শনিবার রাত থেকে হাসনাবাদের জপমালা রানির গির্জা, গোল্লার সাধু ফ্রান্সিস জেভিয়ার্স, তুইতালের পবিত্র আত্মা, সোনাবাজুর ফাতেমা রানি ও বক্সনগরের সাধু অ্যান্থনি গির্জায় সব বয়সের মানুষের ঢল নামে। এ ছাড়া গতকাল সকাল থেকেই গির্জাগুলোতে বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় জমায়।
ঢাকার তেজকুনিপাড়া এলাকা থেকে হাসনাবাদের জপমালা রানির গির্জায় আসা হ্যাবেন রোজারিও (৬৩) বলেন, ‘বড়দিন উপলক্ষে শনিবার বিকেলে আমার মেয়ের শ্বশুরবাড়ি হাসনাবাদ এসেছি। জপমালা রানির গির্জায় গিয়ে রাতে প্রার্থনায় অংশ নিয়েছি। আজও (গতকাল) পরিবার-পরিজন নিয়ে গির্জায় ঘুরে বেড়াচ্ছি।’
হাসনাবাদ এলাকার গৃহবধূ সীমা গোমেজ বলেন, ‘দুই দিন ধরে আমাদের এলাকার বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের খাবার ও পিঠাপুলি তৈরি করা হচ্ছে। অনেক আত্মীয়স্বজন আমাদের গ্রামে বেড়াতে এসেছেন।’
গোল্লা গ্রামের বাসিন্দা টমাস রোজারিও বলেন, ‘বড়দিন উপলক্ষে আমাদের গ্রামে আনন্দের বন্যা বইছে। শনিবার মধ্যরাত থেকে গ্রামের বাড়ি বাড়ি ঢাকঢোল বাজানো ও ধর্মীয় সংগীত পরিবেশনের আয়োজন চলছে।’
এদিকে বড়দিন উপলক্ষে নারায়ণগঞ্জ নগরের দুটি গির্জা বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে। গির্জাগুলোতে গোশালা স্থাপন ও ক্রিসমাস ট্রি সাজানো হয়। গতকাল সকাল থেকেই আয়োজন করা হয় প্রার্থনা সভা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চ বর্ণিল সাজে সাজানো হয়।
বেলা সাড়ে ১১টায় সাধু পৌলের গির্জায় জেলা প্রশাসক রাব্বি মিয়া ও পুলিশ সুপার মঈনুল হকের উপস্থিতিতে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ খ্রিষ্টধর্মাবলম্বীরা।
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ‘আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে স্থাপন করতে চাই ও সকলের সহযোগিতা চাই।’
পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে বড়দিনের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি সব সময়ের মতোই নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। যিশু শান্তির যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আমাদের বজায় রাখতে হবে।’
জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, ‘আমাদের বড়দিনের প্রার্থনার মূল সুরই শান্তির আহ্বান।’