>পটুয়াখালী, বরিশাল, কুমিল্লা, ফেনী, রাঙামাটি ও সিরাজগঞ্জের আঞ্চলিক

‘কি বিজ্ঞান, কি রকেট সায়েন্স, কি প্রোগ্রামিং, কি অর্থনীতি, কি রাজনীতি—সবকিছুর গোড়াতেই একটাই মন্ত্র, আর তা হলো অঙ্ক—সংখ্যা।’ গণিত নিয়ে মাতামাতির কারণ জিজ্ঞাসা করতেই পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মালিহা তাবাসসুম জানায়, ষষ্ঠ শ্রেণি থেকে ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবে অংশ নিয়ে আসছে। লক্ষ্য তার একটাই, বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে পড়বে। প্রোগ্রামার হতে চায়। প্রয়োজন সংখ্যা আর অঙ্কে গভীর দক্ষতা। সেই দক্ষতা বাড়াতেই তার গণিত উৎসব নিয়ে এত আগ্রহ। গত বছর জাতীয়় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তার আগ্রহ আরও বেড়েছে। মালিহার মতোই হাজারও শিক্ষার্থী প্রতিক্ষায় থাকে গণিত উৎসবে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা আর সৃজনশীলতা বিকাশের সুযোগ প্রকাশের জন্য। শুধু মালিহাই নয়, তার মা সালেহা আক্তারও এখন গণিত উৎসবে আসাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। গত বছর পটুয়াখালী অঞ্চলের গণিত উৎসবের জন্য বরগুনায়ও গিয়েছিলেন। সালেহা আক্তারের মতো অভিভাবকেরাও এখন শিক্ষার্থীদের স্কুলের পরীক্ষার জন্য চাপ দেন না, তঁারা শিক্ষার্থীদের গণিত নিয়ে সারা বছর ভাবনার সুযোগ করে দেন।
গণিত উৎসবের ডাক

এভাবেই হাজারো শিক্ষার্থী আর অভিভাবক-শিক্ষকেরা সারা বছর অপেক্ষায় থাকেন গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ফেনী অঞ্চলের গণিত উৎসবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭১ জন শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেয়। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সিরাজগঞ্জ আঞ্চলিক পর্বে অংশ নেয় জেলার নয়টি উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী। কুমিল্লা জিলা স্কুল মাঠে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭০ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বরিশাল আঞ্চলিক উৎসবে ৮০০–র বেশি শিক্ষার্থী অংশ নেয়। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পটুয়াখালী ও বরগুনা অঞ্চলের উৎসবে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী গণিত উৎসবে অংশ নেয়। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা গণিত প্রতিযোগিতায় অংশ নেয়। ‘গণিত শেখো—স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে এবারের গণিত উৎসবের ১৪তম আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। পুরো উৎসবে সহযোগিতা করেছেন বিভিন্ন জেলার প্রথম আলোর স্থানীয় বন্ধুসভার সদস্যরা।
ভিন্নমাত্রার প্রশ্নের আধিপত্য
গণিত উৎসব শুধু শিক্ষার্থীদের গণিতেই দক্ষতা বাড়ায়? গণিত উৎসবের আলোচিত একটি অংশ প্রশ্নোত্তর পর্ব, যেখানে একটু কান রাখলেই বোঝা যায় শিক্ষার্থীরা কতটা ভিন্নমাত্রায় ভাবে, চিন্তা করে। কয়েক বছর আগেও যেখানে ‘সূর্যের আলোর রং কী?’, ‘শূন্য কেন গোল?’, ‘বাংলাদেশের আয়তন বর্গ কিলোমিটারে প্রকাশ করা হয় কেন?’ ইত্যাদি চিরন্তন প্রশ্নের দেখা মিলত, সেখানে এবার ‘হিগস-বোসন কণার গাণিতিক প্রকাশ কী?’, ‘গণিতবিদ হিলবার্টের সমস্যার সমাধান কী?’, ‘জীবকোষের ইলেকট্রন পরিবাহিতা আচরণ আছে কি?’-সহ বিভিন্ন গাণিতিক দক্ষতা–বিষয়ক প্রশ্ন করতে দেখা যায়। স্কুলের বইয়ের বাইরেও যে শিক্ষার্থীদের মনোযোগ আছে, তা প্রশ্নোত্তর পর্বের প্রশ্নের মান দেখে বোঝা যায়।
আইএমও পেরিয়ে বড় স্বপ্ন

প্রায় এক দশক আগেও গণিত উৎসবে শিক্ষার্থীদের আসার অনুপ্রেরণা থাকত আন্তর্জাতিক গণিত দলের সদস্য হওয়া। এখন সেই স্বপ্নই নাকি আরও বড় হয়েছে শিক্ষার্থীদের। বরিশাল মডেল স্কুলের শিক্ষার্থীদের ফাইয়াজ মাহমুদ বলে, ‘এখন গণিত অলিম্পিয়াড ছাড়াও আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্ট, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়়াডেও অংশ নেওয়ার সুযোগ আছে। গণিতের দক্ষতা সব অলিম্পিয়াডে দারুণ কাজে দেয়, তাই গণিত উৎসবে আসার দিকে একটু আগ্রহ বেশিই থাকে আমার।’ ফাইয়াজের সঙ্গে ঘাড় নাড়িয়ে ‘হ্যাঁ’ জানায় তার বন্ধু ইকরাম হোসেন। সে বলে, ‘সারা বছর গণিত অলিম্পিয়াডের জন্য টুকটাক প্রস্তুতির মধ্যে থাকি বলেই অন্য সব অলিম্পিয়াডের জন্যও প্রস্তুতি একসঙ্গে নিতে পারি।’
‘ঢাকার বাইরে বলে কিছু নেই’
ঢাকাসহ বিভিন্ন বড় শহরের শিক্ষার্থীরা বেশি সুযোগ পায় বলে অনেক অভিভাবক আক্ষেপ করলেও শিক্ষার্থীরা এই আক্ষেপে বিশ্বাস করতে চায় না। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা বলে, ‘এখন ইন্টারনেটের যুগ। ঢাকা বা বড় শহরের শিক্ষার্থীরা যত সুযোগ পায়, আমরাও তা–ই পাই। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে বিগত বছরের প্রশ্ন ডাউনলোড করে আমি আর আমার বন্ধুরা বেশ শক্ত প্রস্তুতি নিয়েছি এবারের গণিত উৎসবের জন্য। স্কুলে শুধু বই পড়ালেও আমরা এখন বইয়ের বাইরেও ইন্টারনেটের মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে পারি।’ আফসানার মতো বরগুনা জিলা স্কুলের শিক্ষার্থী আরিফ মাহমুদ বলে, ‘এখন ঢাকায় না গিয়েও বরগুনাতে বসেই দুনিয়ার হাজারও বই পড়তে পারি। আগে শুধু স্কুলের বই কিংবা ঢাকা থেকে কিনে আনা বই ছিল গণিত উৎসবের একমাত্র প্রস্তুতির ভরসা। আর এখন ইন্টারনেটের কল্যাণে বরগুনাতে বসেই তো অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বইপত্র পড়ার সুযোগ পাই। এখন ঢাকার বাইরে বলে আসলে কিছু নাই, শুধু নিজের আগ্রহ থাকলে সব করা যায়।’
বাধা পেরোনোর গল্প
গণিত উৎসব যে শুধু একটি প্রতিযোগিতা বা পরীক্ষা নয়, তা শিক্ষার্থীদের আগ্রহ দেখলেই বোঝা যায়। পরীক্ষা, ক্লাস, লম্বা বাসভ্রমণ কিংবা শিক্ষকের রাগী চোখ—কোনো বাধাই শিক্ষার্থীদের আটকাতে পারে না। খাগড়াছড়ির গুইমারা এলাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েও শিক্ষার্থীরা অংশ নিতে আসে গণিত উৎসবে। রাঙামাটির আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য ভোর ছয়টায় রওনা দিয়ে গুইমারা কলেজের শিক্ষার্থী মো. জুনাইদ, ক্যম্রাউ মারমা, ইকবাল হাসানসহ মোট আটজন তিন ঘণ্টা বাসে চড়ে চলে আসে উৎসব মাঠে। রাঙামাটি শহর নৌপথে প্রায় সাত কিলোমিটার দূরের খারিক্ষ্যং উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র বিদর্শন চাকমাও অনেক পথ ঘুরে যোগ দিয়েছিল গণিত উৎসবে। কোনো বাধাই শিক্ষার্থীদের গণিত উৎসবে আসা আটকাতে পারছে না—শিক্ষার্থীদের প্রতিবছর অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধিই বলে দেয় গণিতের ভয় কতটা কমে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। ভবিষ্যতের বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আমরা কম্পিউটার প্রোগ্রামার, ন্যানো বিজ্ঞানী বা আলোচিত কোনো অর্থনীতিবিদের ছায়া দেখার যৌক্তিক স্বপ্ন দেখতেই পারি এখন। জয় হোক গণিতের, শিক্ষার্থীদের আগ্রহ আর স্বপ্ন আরও বড় হোক।