উৎসব ছিল প্রাঙ্গণজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল শামিয়ানার নিচে তাঁরা সবাই জড়ো হয়েছেন। বয়সের বাধা অতিক্রম করে মেতে উঠেছেন আড্ডায়। বৃষ্টি বাদ সাধতে পারেনি সেখানে। উৎসব ছিল প্রাঙ্গণজুড়ে, ছিল সবার মনে। গতকাল শনিবার নবীন-প্রবীণদের এ মিলনমেলা ঘটে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ কলেজ পা দিল ৫০ বছরে। কলেজের সাবেক ও বর্তমান ছাত্রীরা মিলে উদ্যাপন করলেন সুবর্ণজয়ন্তী উৎসব। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর শুরু হয় আলোচনা। অতিথিদের বক্তব্যে উঠে আসে নারীশিক্ষার অতীত, বর্তমান ও দেশের সার্বিক শিক্ষাব্যবস্থার চিত্র। শিক্ষামন্ত্রী বলেন, দারিদ্র্য, নিরক্ষরতা আর দুর্নীতি দূর করতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। আধুনিক প্রযুক্তি শিক্ষার পাশাপাশি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের সমস্যা নিরসনের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সভাস্থলে বিভিন্ন দশকের ছাত্রীদের জন্য পৃথক সারি ছিল। সামনের দিকে ছিলেন ষাটের দশকের ছাত্রীরা। তাঁদের পাশেই ছিলেন সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকেরা।