উৎসব জমল কথা ও সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে শিক্ষকদের কাছে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: জগলুল পাশা
জামালপুর সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে শিক্ষকদের কাছে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: জগলুল পাশা

শিক্ষকদের শাণিত প্রশ্নের বিপরীতে শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত উত্তর। উপস্থাপকের উচ্ছ্বাস ও সরস কথার স্রোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মিশে যাওয়া। আর এর সঙ্গে শিল্পীর গিটারের ঝংকার। গতকাল শনিবার এসবের মেলবন্ধন ঘটেছিল জামালপুর সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে।
দূর-দূরান্ত থেকে আসা উচ্ছ্বসিত শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল নয়টার মধ্যেই পূর্ণ হয়ে যায় উৎসব চত্বর। আনন্দঘন হয়ে ওঠে পরিবেশ। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যেও ছিল দারুণ উদ্দীপনা। উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শামছুন্নাহার মাকছুদা। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি মাহবুব বোরহান। এরপর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
শুভেচ্ছা বক্তব্য দেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী। তিনি বলেন, এইচএসবিসি-প্রথম আলোর এই উৎসবের প্রাণবন্ত পরিবেশ বলে দিচ্ছে শিক্ষার্থীদের ভাষা সম্পর্কে জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসতে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ, শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হাই আল হাদী ও সহকারী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি।
প্রশ্নোত্তর পর্বে ভালো ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের বই পুরস্কার দেওয়া হয়। এই পর্ব শেষে শুরু হয় ‘বানান বীর’ নামের মজার প্রতিযোগিতা। পাঁচ মিনিটের শুদ্ধ বানান প্রতিযোগিতার মাধ্যমে ১০ জনকে বেছে নেওয়া হয়। সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে এই পর্ব। বানান নিয়ে বিশেষ প্রতিযোগিতায় ‘বানান বীর’ নির্বাচিত হয় ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিহা সুজহাত। প্রশ্নোত্তর পর্ব শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী অটমনাল মুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ও ভাষা প্রতিযোগ ২০১৭-এর সমন্বয়ক অরুণ বসু।
দুপুরে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। চার বিভাগের ৬০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেরাদের সেরা হয়েছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাজী তাসফিয়া জাহিন। বিজয়ীদের হাতে সনদ, পদক ও বই তুলে দেন অতিথিরা। বিজয়ীরা ঢাকায় জাতীয় উৎসবে অংশ নেবে।